তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিভিন্ন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও পদ্ধতি কেমন হবে—এখনো এ বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে পারেনি বিশেষ কমিটি। তবে কমিটির বেশ কয়েকজন সদস্য বিভিন্ন পদ্ধতির সরকারব্যবস্থার প্রস্তাব করেছেন। এর মধ্যে পাকিস্তানের অনুকরণে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাবও রয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, গতকাল কমিটির বৈঠকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার গঠন-সম্পর্কিত সে দেশের সংবিধানের ২২৪ অনুচ্ছেদটি ফটোকপি করে সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। এই অনুচ্ছেদে বলা আছে, সংসদ ভেঙে গেলে বা সংসদের মেয়াদ শেষে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ গঠন করবেন। তবে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেবেন বিদায়ী প্রধানমন্ত্রী ও বিদায়ী বিরোধীদলীয় নেতার সঙ্গে পরামর্শ করে। এরপর রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সঙ্গে পরামর্শ করে এ সরকারের মন্ত্রীদের নিয়োগ দেবেন। এই অনুচ্ছেদ-সম্পর্কিত শর্তে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীদের স্ত্রী, পুত্র ও কন্যাদের কেউ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন না।সূত্র জানায়, এ পদ্ধতির তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের সমর্থন রয়েছে। অধিকাংশ সদস্যের মত, যে পদ্ধতির সরকারব্যবস্থা গ্রহণ করা হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে, সেই পদ্ধতিই গ্রহণ করতে হবে। তা না হলে বিএনপি আন্দোলন করার সুযোগ পাবে।তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া-সম্পর্কিত আরও একাধিক প্রস্তাব কমিটির আছে বলে সূত্র জানায়। কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, রহমত আলী ও রাশেদ খান মেনন প্রথম আলোকে জানান, দু-একজন সদস্য ছাড়া অন্যরা তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে। তবে কোন পদ্ধতির সরকার হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা চলছে। রহমত আলী জানান, তোফায়েল আহমেদ এবং তিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিদ্যমান যে বিধান রয়েছে, তা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন।তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণা করাসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়েও বৈঠকে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতির বিকল্প কে হবেন, সে বিষয়ে কমিটির সদস্যরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। বিষয়টির সুরাহার জন্য কমিটি কাল শনিবার আবার বৈঠকে বসবে।গতকাল বৈঠক শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানসংবলিত ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত পূর্ণাঙ্গ রায় না পেলেও সংবিধান সংশোধনের প্রতিবেদন তৈরি করা হবে।সুরঞ্জিত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যতটা না আইনগত বা সাংবিধানিক; তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। সে জন্য এ বিষয়ে বিরোধী দলের উপস্থিতি বা মতামত প্রয়োজন ছিল। তারা থাকলে এত আলোচনার প্রয়োজন হতো না।সুরঞ্জিত জানান, শনিবারের বৈঠক শেষে কমিটি সংবিধান সংশোধনের খসড়া প্রতিবেদন চূড়ান্ত করবে। ৯ জুন বাজেট ঘোষণার আগেই প্রতিবেদন উত্থাপন করা হবে।কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু ও হাছান মাহমুদ। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।