তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ত্রুটি নেই: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সমর্থন করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ পদ্ধতিতে ত্রুটি নেই। জাতির এক সন্ধিক্ষণে গণতন্ত্রকে সুসংহত রাখতে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী আনা হয়। এখনো এর প্রয়োজনীয়তা আছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় পরিবর্তন ও রদবদল প্রয়োজন হলে তা সংসদ দেখতে পারে।সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিল শুনানিতে আজ বুধবার দশম দিনের শুনতে তিনি এ অভিমত তুলে ধরেন। আজ শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, আপিলকারী পক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে। এর সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, এ দাবি ঠিক নয়। স্বল্পসময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয় না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগ তথা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা হয়।পদ্ধতি নিয়ে কোনো ত্রুটি নেই। ব্যক্তিবিশেষের কারণেই এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কথাও বলা হচ্ছে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রধান উপদেষ্টার পদে যাওয়ার ক্ষেত্রে জাতির কাছে তাঁদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আছে কি না, তা দেখা উচিত। এ ক্ষেত্রে ভারতের সোনিয়া গান্ধীর উদাহরণ টেনে তিনি বলেন, সোনিয়া গান্ধী সংখ্যাগরিষ্ঠভাবে বিজয়ী হয়েও বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেননি। তিনি জাতিকে ঐক্যবদ্ধ রাখতেই ওই দায়িত্ব নেননি। মাহবুবে আলম আরও বলেন, বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিরা নির্বাচিত নন। এ জন্য প্রজাতন্ত্র ও গণতান্ত্রিক চরিত্র নষ্ট হবে। মাহবুবে আলমের মতে, তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিরা তিন মাসের জন্য ক্ষমতায় আসেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যান। এ ক্ষেত্রে এর কোনো ব্যত্যয় ঘটে না। কারণ ব্যাখা করে তিনি বলেন, ‘আমাদের সংসদেও ১০ ভাগের এক ভাগ সদস্য নির্বাচিত নন।’