তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ব্যাপার, ব্রিটেন পরামর্শ দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে কি থাকবে না সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে ব্রিটেন কোনো পরামর্শ দেবে না। তবে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হোক ব্রিটেন সেটাই চায়। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইতিহাস বিভাগ আয়োজিত বাংলাদেশ-ব্রিটেন সম্পর্কের ৪০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক জটিলতা নিরসনে ব্রিটেন হস্তক্ষেপ করবে কি না জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটেন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। ব্রিটেন সারা বিশ্বে গণতন্ত্র ও সুশাসন দেখতে চায়। কারণ, গণতন্ত্রকেই দেশটি সর্বোত্তম ব্যবস্থা মনে করে।ছাত্র-শিক্ষকদের আরেক প্রশ্নের জবাবে স্টিফেন ইভান্স বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্রিটেন বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। কারণ, দেশটির পররাষ্ট্রনীতিতে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নীতি নেই। তিনি আরও বলেন, ‘আমরা সে সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সহায়তা করেছি। এরই ধারাবাহিকতায় একটি ডিজিটাল ভোটার তালিকা করার জন্য সে সময় নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তা করেছিলাম। সেই ভোটার তালিকা ব্যবহার করে ২০০৮ সালের ডিসেম্বরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল।’ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটেন তার দেশে বাংলাদেশ থেকে যাওয়া সত্যিকার ছাত্রদের স্বাগত জানায়। পড়াশোনার জন্য যেতে চাইলে শিক্ষার্থীরা ভিসা পাবে। উচ্চ টিউশন ফি সম্পর্কে তিনি বলেন, ‘এটা ঠিক যে ব্রিটেনে শিক্ষার খরচ অনেক বেশি। দেশেও এটা নিয়ে বিতর্ক আছে। তবে ব্রিটেনে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পায়।’ ব্রিটিশ হাইকমিশনার তাঁর মূল বক্তব্যে বলেন, এ উপমহাদেশ ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ১৯২১ সালে যখন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন উপমহাদেশের মানুষ তাদের ভবিষ্যত্ নিয়ে ভাবছিল। এ বিশ্ববিদ্যালয় এ দেশের রাজনৈতিক সত্তাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ দমন—এসব বিষয়ে বাংলাদেশ-ব্রিটেন একসঙ্গে কাজ করছে। এসব বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ব্রিটেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এখানকার ছাত্রদের আইনের শাসন, শান্তি, গণতন্ত্র, মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্ব শেখানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান শিরিন হাসান ওসমানী। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশীদ, কলা অনুষদের ডিন সদরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।