হাইকোর্টের রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিএনপি। সংবিধান সশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ নীতিগত সিদ্ধান্ত নেয়। বিএনপি বলছে, সরকার অবিলম্বে এ পথ থেকে সরে না এলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। তবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার ব্যাপারে সংসদে গিয়ে অথবা সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির কাছে কোনো প্রস্তাব দেবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি দলের এই অবস্থান তুলে ধরে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দেওয়া যাবে না। এটা বাদ দেওয়ার ক্ষেত্রে সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা নেই। তাই বিএনপি মনে করে, সংসদে গিয়ে বা বিশেষ কমিটির কাছে এ ব্যাপারে কোনো প্রস্তাব প্রধান বিরোধী দলের পক্ষ থেকে তুলে ধরার প্রয়োজন নেই। আরেক সদস্য বলেন, ‘আমরা মনে করি, সরকার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা চেয়েছে, কৌশলে বিএনপিকে সংসদে আনতে কিংবা বিশেষ কমিটির সঙ্গে আলোচনায় বসাতে। দলের সদস্যরা মনে করেন, বিএনপির এই ফাঁদে পা দেওয়ার প্রয়োজন নেই। সরকার নিজেই এ সিদ্ধান্ত প্রত্যাহার করবে।’স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার সরকারি সিদ্ধান্ত গণতন্ত্র ধ্বংস করার একটি মহাপরিকল্পনা। এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। এ সিদ্ধান্ত প্রকৃতপক্ষে একদলীয় শাসন প্রতিষ্ঠার একটি নীলনকশা। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের কোনো রায় সংসদের ওপর বাধ্যতামূলক নয়। এটা জেনেও আদালতের রায়ের দোহাই দিয়ে তা বাতিলের সিদ্ধান্ত প্রমাণ করে, প্রধানমন্ত্রীর ইচ্ছার সঙ্গে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের একটি সুস্পষ্ট যোগসাজশ ছিল। এতে প্রমাণ হয়েছে, দেশের উচ্চতম আদালতকে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে।’ বিএনপি মনে করে, এ সিদ্ধান্ত দেশে সাংবিধানিক সংকট, রাজনৈতিক অস্থিরতা বহু গুণ বাড়িয়ে দেবে। দেশকে প্রচণ্ড রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দেবে। এর ফলে সামাজিক ও অর্থনৈতিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ও গণতান্ত্রিকব্যবস্থা হুমকির মুখে পড়বে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, সরকার জনগণের আস্থা ও সমর্থন হারিয়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে পারবে না বলে নিশ্চিত হয়ে গেছে। এ জন্য জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে এবং ক্ষমতায় থেকে কারচুপি করে আবার ক্ষমতা দখলের লক্ষ্যে সংবিধানের এ পরিবর্তন করছে। দলটি দাবি করেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে অতীতে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি। ভবিষ্যতেও হবে না। কাজেই তাদের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এক ঘণ্টার এ বৈঠকে বিএনপির ১৯ জন স্থায়ী কমিটির সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।