তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে নির্বাচনে যাবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলে বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি-জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে বলে জানান দলের নেতারা।ঢাকা মহানগর নাট্যমঞ্চে আজ সোমবার ‘রাজবন্দীদের মুক্তির’ দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার বিএনপির দেশব্যাপী বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দলটি এ কর্মসূচি পালন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন দেওয়ার ষড়যন্ত্র করছে। বর্তমান সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছিল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেবে না। খন্দকার মোশাররফ ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির বিরোধিতা করে বলেন, এর মাধ্যমে সরকার কারচুপির নির্বাচন করতে চাচ্ছে।স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার মামলা দিয়ে বিরোধী দলকে হয়রানি করছে। তিনি বলেন, ‘বিশ্বকাপের কারণে বিএনপি এখন ইনডোর গেম খেলছে। বিশ্বকাপের পর এই খেলা আউটডোরে ছড়িয়ে পড়বে।’বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এই সরকার গণমাধ্যমের ওপর সবচেয়ে বেশি হস্তক্ষেপ করছে।সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও আবদুল্লাহ আল নোমান প্রমুখ বক্তব্য দেন।