তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে লাগাতার কর্মসূচি: ফখরুল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে প্রয়োজনে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি সমাবেশের আয়োজন করে। একই কর্মসূচি দেশব্যাপী পালন করেছে দলটি।মির্জা ফখরুল বলেন, ‘এত দিন ধরে আমরা যে সন্দেহ-শঙ্কা প্রকাশ করেছি, তা এখন সত্য হতে চলেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।’ তিনি বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। এ জন্য প্রয়োজনে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ২০১১-২০১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুটপাটবান্ধব বাজেট। এটা জনবান্ধব, শিল্প ও বিনিয়োগবান্ধব নয়। দলীয় লোকদের লুটপাটের জন্য এ বাজেট করা হয়েছে। তিনি দাবি করেন, ইউরিয়া, পটাশিয়াম সারসহ অন্যান্য কৃষি উপকরণের দাম বিএনপির আমলের চেয়ে দ্বিগুণ করা হয়েছে।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।