তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে ৭২ ব্যবসায়ী সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছে আরও ৭২টি বাণিজ্য সংগঠন। গত বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ ২৮টি বাণিজ্য সংগঠন এ দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল। গতকাল বৃহস্পতিবার দেশের আরও ৩৮টি জেলা চেম্বার ও ৩৪টি ব্যবসায়ী সমিতি এ বিষয়ে সমর্থন জানিয়ে একই বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ঐকমত্যে উপনীত হওয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানান। তাঁরা বলেন, বিশ্বের অন্যান্য দেশের সংসদীয় সরকার-পদ্ধতিতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করে দুই বছর ক্ষমতা আঁকড়ে ছিল। এ সময় জনগণের মৌলিক অধিকার অস্বীকার করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাধারণ খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র দোকানদার সবার প্রতি অমানবিক অত্যাচার ও নিপীড়ন করা হয়।ব্যবসায়ী নেতারা আরও বলেন, আদালত গত ১০ মে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অবৈধ ঘোষণা করেছেন। তবে সংসদের অনুমোদনক্রমে আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে বলে আদালত পর্যবেক্ষণ মন্তব্য দিয়েছেন। তবে ২০১১ সালে সর্বশেষ অবসরগ্রহণকারী প্রধান বিচারপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ওপর তীব্র আপত্তি উত্থাপিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ক্ষেত্রেও অচলাবস্থার সৃষ্টি হতে পারে। এ অবস্থায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানই একমাত্র সংবিধানসম্মত ব্যবস্থা, যা জনগণের নির্বাচিত সরকার গঠনের স্বাধীনতা নিশ্চিত এবং ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠনের প্রক্রিয়াকে একটি স্থায়ী ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে। বিবৃতিতে সমর্থনকারীদের মধ্যে রয়েছেন: টাঙ্গাইল চেম্বারের সভাপতি আবুল কাশেম আহমেদ, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি এ কে এম সেলিম ওসমান, নওগাঁ চেম্বারের সভাপতি মো. শামসুল আলম, ফেনী চেম্বারের সভাপতি জামালউদ্দিন, বগুড়া চেম্বারের সভাপতি মো. মমতাজ উদ্দিন, নোয়াখালী চেম্বারের সভাপতি আনোয়ার মির্জা, যশোর চেম্বারের সভাপতি মো. শহিদুল ইসলাম মিলন, গাজীপুর চেম্বারের সভাপতি আনোয়ার সাদাত সরকার, স্টিল মিল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান বকুল, ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ মো. শামসুল কাওনাইন কুতুব, রাবার শিল্প সমিতির সভাপতি হাফেজ আবদুল গাফফার, ফার্টিলাইজার সমিতির সভাপতি কামরুল আশরাফ খান, পাঠ্যপুস্তক মুদ্রন ও বিপণন সমিতির সভাপতি নাগিবুল ইসলাম, নাসিব সভাপতি শেখ মো. আবদুস সোবহান প্রমুখ।