তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় বিএনপির প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি মনে করে, এই রায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট আরও ঘনীভূত করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত করবে।গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে বিএনপি এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্কপ্রসূত। এখন কেন বাদ দিতে চাইছেন, তা সহজেই অনুমেয়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের হাতে কোনো সমাধান নেই। সরকারকেই সমাধান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কী করা হচ্ছে, তা সংসদে বিল না আনা পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিল এলে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে।বিএনপির পর্যবেক্ষণ: বিএনপির লিখিত বক্তব্যে বলা হয়, আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। অর্থাৎ বিচারপতিদের মধ্যেও রায় নিয়ে দ্বিমত ও বিতর্ক রয়েছে। রায়ে ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ও অস্তিত্ববিহীন ঘোষণা করা হয়েছে। রায় অনুযায়ী এই অসাংবিধানিকতা ও অস্তিত্বহীনতা কেবল ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে, পরবর্তী দুটি সংসদ নির্বাচন এই বিধানের অধীনে করা যাবে। এ ছাড়া প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সম্পৃক্ত না রেখে জাতীয় সংসদ সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রয়োজনীয় বিধান করতে পারবে। এই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে বিএনপি মনে করে, এই রায় সরকারের বিভিন্ন সময়ের বক্তব্যের প্রতিফলন। এই ধরনের রাজনৈতিক বিষয়ে আদালতের জড়িত হওয়া উচিত হয়নি। এতে সুপ্রিম কোর্ট জনগণের কাছে একটি বিতর্কিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।গণতন্ত্র ও দেশের বৃহত্তর স্বার্থে এই রায় প্রত্যাখ্যান করছে বলে দাবি করে বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, এই রায় বর্তমান স্বৈরাচারী সরকারকে একতরফাভাবে সুবিধাজনক সংশোধনী এনে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করবে। জনগণ ও সংসদ এটা মানতে বাধ্য নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাবে না। সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ড্যাবের আলোচনা: গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান সংশোধনী নিয়ে আদালতের প্রতিটি রায় দেশকে বিভক্ত করছে। ফলে দেশে সাংবিধানিক সংকট ঘনীভূত হচ্ছে। তিনি বলেন, বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্য কোনো পন্থায় নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে না। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সংবিধান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারেক শামসুর রেহমান, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।