তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে রায় স্ববিরোধী: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় ভবিষ্যতে দেশ ও জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। কারণ এই রায় স্ববিরোধী। রায়ে একদিকে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছে, অন্যদিকে এই ব্যবস্থার অধীনেই আগামী দুটি নির্বাচন করতে বলা হয়েছে। বিএনপি ও দেশের জনগণ কখনো কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না।আজ রোববার দুপুরে সিরাজগঞ্জে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাত্কারে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার সবদিকে ব্যর্থ হয়ে দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। তারা ব্যর্থতা ঢাকতে সর্বোচ্চ আদালতকেও ব্যবহার করছে।গত বছর ১১ অক্টোবর সিরাজগঞ্জের সৈয়দাবাদে বেগম খালেদা জিয়ার জনসভায় ট্রেনে কাটা পড়ে ছয়জন বিএনপির কর্মী নিহত হওয়ার পর ট্রেনে অগ্নিসংযোগ ঘটনার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর তিনি আজ সিরাজগঞ্জ মুখ্য বিচারিক আদালতে বেলবন্ড জমা দেন।সেখানে ওই মামলার অন্য আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ ওরফে টুকু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বছরের ১১ অক্টোবর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতা গোলাম হায়দার বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ কেন্দ্রীয় আট নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। হাইকোর্টের দেওয়া এর আগের ছয় মাসের অগ্রিম জামিনের মেয়াদ শেষ হলে পুনরায় আবেদন করা হলে চার মাসের অগ্রিম জামিনের আদেশ দেওয়া হয়।