কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ের সমাধান করবেন নির্বাচিতরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সৃষ্ট বিরোধের সমাধান কীভাবে হবে, তা কেবল নির্বাচিত জনপ্রতিনিধিরাই নির্ধারণ করবেন।প্রধানমন্ত্রী গতকাল বুধবার গণভবনে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০১১ উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় আসার সুযোগ পাবেন না, এমন কিছু লোক ক্ষমতা দখলের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দোষ-ত্রুটি ধরার অপেক্ষায় রয়েছেন। কাজেই আমরা যাঁরা নির্বাচিত প্রতিনিধি, তাঁদেরই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ের সমাধান খুঁজে বের করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ১৯৯০ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিন জোটের রূপরেখায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তত তিনটি নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ১৯৯১ সালে ক্ষমতায় এসে বিএনপি এ সিদ্ধান্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তখন জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের মুখে তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি মেনে নিতে বাধ্য হয়।আওয়ামী লীগের সভানেত্রী বলেন, তিন জোটের রূপরেখা অনুযায়ী ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের তিনটি নির্বাচন হয়েছে। তবে বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেই তাঁর দলের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সর্বোচ্চ আদালতের রায়ে অবৈধ ঘোষণার কথা উল্লেখ করে তিনি বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘দেশের উচ্চ আদালত যা অবৈধ ঘোষণা করেছেন, তা আমরা কীভাবে বৈধ করব?’শেখ হাসিনা বলেন, উপজেলা চেয়ারম্যানদের কার্যক্রম আইনেই নির্ধারণ করা আছে। চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় গৃহনির্মাণ প্রকল্প ও কলকারখানা স্থাপনের স্থান নির্ধারণ করে মাস্টার প্ল্যান পাঠানোর জন্য উপজেলা চেয়ারম্যানদের নির্দেশ দিয়ে তিনি বলেন, তাঁদের হিসাব নেওয়া হবে। পরে প্রধানমন্ত্রী গণভবন চত্বরে তিনটি গাছের চারা রোপণ করেন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মির্জা আবদুল জলিল।জনসম্পৃক্ততা বহাল রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের উদ্দেশে বলেছেন, নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করা না হয়। আচার-আচরণে যেন দলীয় নেতা-কর্মীরা কষ্ট না পান।দুপুরে তেজগাঁওয়ে এসএসএফ সদর দপ্তরে বাহিনীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি এসএসএফ সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, ‘জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। জনগণের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক বজায় রেখে চলতে হয়। তাদের সঙ্গে মিশতে হয়। তারা আমার কাছে এসে যেন মনঃকষ্ট নিয়ে ফিরে না যায়।’শেখ হাসিনা এসএসএফ সদস্যদের সন্তানতুল্য উল্লেখ করে বলেন, ‘যাঁরা আমার নিরাপত্তা দিচ্ছেন, তাঁরা যাতে নিরাপত্তাহীনতায় না থাকেন, সেদিকটা অবশ্যই দেখতে হবে। কারণ, আমি শুধু প্রধানমন্ত্রীই না, আমি একজন মা। মা হিসেবে সন্তানদের নিরাপত্তার জন্য আমি সব রকম ব্যবস্থা করব।’প্রধানমন্ত্রী এই বাহিনীর আধুনিকায়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।স্বাগত বক্তব্যে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসম্পৃক্ততা ও নিরাপত্তা সমন্বয় করে আমরা নিরাপত্তার কাজ করছি।’রাষ্ট্র ও সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য ১৯৮৬ সালে রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী গঠন করা হয়। পরবর্তী সময়ে এই বাহিনীর নামকরণ বিশেষ নিরাপত্তা বাহিনী করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানেরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং এসএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।