তত্ত্বাবধায়ক সরকার ব্যবসায়ীদের কাছে আতঙ্ক: এ কে আজাদ
প্রচলিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। তিনি সংবিধান পরিবর্তনের চলমান প্রক্রিয়ার মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সুপারিশ করেছেন।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘ব্যবসায় নৈতিকতা’ শীর্ষক এক সেমিনারে এ কে আজাদ এসব কথা বলেন।এ কে আজাদ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবসায়ীদের কাছে চরম আতঙ্কের। আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তাহলে দেশের অর্ধেকেরও বেশি ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবেন। কারণ, বিগত তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে ব্যবসায়ীদের অতীতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে।নির্বাচন কমিশন স্বাধীন হলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন এ কে আজাদ।আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বাণিজ্যমন্ত্রী ফারুক প্রধান অতিথি, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি ও গণফোরামের সভাপতি কামাল হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের পরিচালক অধ্যাপক জি এম চৌধুরী, অধ্যাপক ইফতেকার গনি চৌধুরী, আইবিএফবির নির্বাহী পরিচালক মতিউর রহমান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করা উচিত হয়। তিনি সহনীয় পর্যায়ে মুনাফা করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন।এ কে আজাদ আরও বলেন, শেয়ারবাজারের ধসের জন্য দায়ীদের সবাই চেনে। কিন্তু তাদের কিছুই করা যাচ্ছে না। নামও বলা যাচ্ছে না। প্রচলিত ব্যবস্থায় এসব দুর্নীতি দমন করা যাবে না।অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন বলেন, কিছু ব্যবসায়ী আছেন, যাঁরা সততার সঙ্গে ব্যবসা করেন না। দু-একজন লোকের জন্য পুরো দেশ ভোগান্তিতে পড়ে। তিনি দুর্নীতি দূর করতে রাজনীতিক, সাংসদ ও ব্যবসায়ীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, দেশে প্রচলিত প্রথা ও নীতির কারণেই ব্যবসায়ীরা দুর্নীতি করতে পারছে। স্বাধীনতার ৪০ বছর পরও ব্যবসায়ীদের জন্য কোনো ‘ব্যবসায় নৈতিকতা’ প্রতিষ্ঠা না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।