তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাঁরা দায়িত্ব পালন করেন, তাঁরা নির্বাচিত নন। সংবিধানের মূল কাঠামো অনুসারে নির্বাচিত ব্যক্তিরাই রাষ্ট্র পরিচালনা করবেন। তাই এটা সংবিধানের মৌল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।’সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিল শুনানিতে আজমালুল হোসেন কিউসি গতকাল সোমবার এ মত দেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে গতকাল নবম দিনের মতো শুনানি হয়।আজমালুল হোসেন কিউসি বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিরাই শাসন পরিচালনা করবেন—এটা গণতন্ত্রের মূল চেতনা। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হলে বিচারকদের এ পদের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হবে। যা তাঁদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে। গণতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে, কোনো শূন্যতা থাকবে না। সাময়িকভাবে হলেও গণতন্ত্রকে বাদ দেওয়া যাবে না। কারণ, এটা আমাদের সংবিধান অনুমোদন দেয় না।’এর আগে সকালে শুনানিতে আরেক অ্যামিকাস কিউরি আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলে আগামী নির্বাচনে গণ্ডগোল লেগে যাবে। রাস্তায় মারামারি হবে। রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ আকার ধারণ করবে। ইতিমধ্যে একটি দল বলেছে, এ ব্যবস্থা বাতিল হলে তারা নির্বাচনে যাবে না। অন্য পক্ষ তখন কী করবে?’ এ পর্যায়ে আদালত বলেন, ‘তাহলে ১/১১ এল কেন?’ জবাবে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘১/১১ এসেছে অন্য কারণে। সংবিধান অনুসারে নিয়ম হচ্ছে—সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তিনি অপারগ বা অসম্মত হলে তাঁর আগে অবসর নেওয়া প্রধান বিচারপতি ওই দায়িত্ব নেবেন। কিন্তু ওই সময়ে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অসম্মতি জানানোর পর তৎকালীন রাষ্ট্রপতি দায়িত্ব নেন। এটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটও হয়।... তা না হলে ১/১১ আসত না।’ আদালতের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করে দেখুন, এ পদের জন্য জনমত প্রধান বিচারপতির পক্ষেই থাকবে।’রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্র ও বিভিন্ন দেশের সংবিধানের উল্লিখিত দিকগুলো তুলে ধরার কথা জানিয়ে গতকাল শুনানির শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘জনগণই যে সকল ক্ষমতার মালিক—এ বিষয়টি উপস্থাপন করা হবে।’