সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার আর সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে হলে নতুন ফর্মুলায় করতে হবে। সে ক্ষেত্রে এই নতুন ফর্মুলা নিয়ে বিরোধী দলকেই সংসদে এসে প্রস্তাব উত্থাপন করতে হবে।আজ মঙ্গলবার রাতে সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন বলে জানা গেছে। এ ধরনের কোনো প্রস্তাব জাতীয় পার্টিও উত্থাপন করতে পারে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। কিন্তু জবাবে এরশাদ এর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, জাতীয় পার্টি সব সময় তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে। তাই জাতীয় পার্টি এ ধরনের প্রস্তাব আনবে না। তবে মহাজোট এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে থাকবে।বৈঠকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ বৈঠক চলে।রাতে জিয়াউদ্দিন আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শীর্ষ দুই নেতা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, আগামী অর্থবছরের বাজেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। জাতীয় পার্টি মহাজোটের সিদ্ধান্তের সঙ্গে থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এরশাদ।জানা গেছে, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পার্টি আওয়ামী লীগের পাশে থাকবে বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন এরশাদ।প্রধানমন্ত্রী এ সময় বলেন, সর্বোচ্চ আদালতের রায় যতটুকু তিনি দেখেছেন, তাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার আর উপায় নেই। কারণ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় বিচারপতিদের সম্পৃক্ত না করার জন্য রায়ে বলা হয়েছে। এ ব্যবস্থা রাখতে হলে নতুন ফর্মুলায় রাখতে হবে। সে ক্ষেত্রে বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দিতে হবে।এরশাদ বলেন, তাঁরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চান না। তবে মহাজোট যদি নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার রাখতে চায়, তাহলে জাতীয় পার্টির সমর্থন থাকবে।