তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে: সুরঞ্জিত
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, উচ্চ আদালতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিলের পর এর ভিন্ন মডেলের বিষয়ে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।আজ শুক্রবার রাজধানীর জিগাতলার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সুরঞ্জিত বলেন, বিরোধী দলের সহযোগিতায় তত্ত্বাবধায়ক সরকারের ভিন্ন আরেকটি মডেল তৈরি হতে পারে। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে বিশেষ কমিটি কোনো সুপারিশ করতে পারছে না।বিশেষ কমিটির প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দল ক্রমাগত অসহযোগিতা করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ কমিটির দরজা এখনো খোলা আছে। তিনি এখনো এ ব্যাপারে মতামত দিতে পারেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিশেষ কমিটিতে বিরোধী দল আসেনি।সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন হচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক। বিরোধী দলের অসহযোগিতার কারণে তা হয়নি। বাজেট অধিবেশন ডাকা হয়েছে। এ অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত সুপারিশ পেশ করা হবে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, স্বাধীন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠায় নবনিযুক্ত প্রধান বিচারপতির মতের সঙ্গে তিনি একমত। বিচার বিভাগের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্যই সংসদ সচিবালয়ের মতো বিচার বিভাগের পৃথক সচিবালয় জরুরি বলেও মনে করেন তিনি। বাসস।