তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে জামায়াতের ব্রেন চাইল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে জামায়াতে ইসলামীর ব্রেন চাইল্ড। জামায়াত ও জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছে। জামায়াত যে শিশুর জন্ম দিয়েছে, আওয়ামী লীগ তা লালন-পালন করেছে। আজ তাকে হত্যা করার এত ইচ্ছা কেন? কারণ ক্ষমতা।তরিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতেন, তাহলে এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের চরিত্র হনন করতে পারতেন না।আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে রাজশাহী ইউনির্ভাসিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তরিকুল এ মন্তব্য করেন। সাবেক এই বাম নেতা শত প্রতিকূলতার মধ্যেও সবাইকে যার যার অবস্থানে থেকে আদর্শিক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে লক্ষ্য করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী যশোরের জনসভায় যে মন্তব্য করেছেন, তা তাঁর মুখে মানায় না। তাহলে আমরা কার থেকে কী শিখব। ছাত্ররা কী শিখবে। তাই দেশ ও জাতির স্বার্থে অনুরোধ করব, প্রধানমন্ত্রী যেন এ ধরনের আচরণ থেকে বিরত থাকেন।’তরিকুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু যিনি সমাজতন্ত্রের ধারক-বাহক, সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, যিনি ছয়টি প্লট, বাড়ি-গাড়ির মালিক। তাঁদের দেখে আমরা কী শিখব? রাশেদ খান মেনন সারা জীবন সংগ্রামের ইতিহাস শিখিয়েছেন। আজ সংগ্রাম যদি এই হয়, আদর্শ ছেড়ে নৌকায় চড়ে এমপি হওয়া, এ সংগ্রাম তো কোনো প্রগতিশীল রাজনীতির ইতিহাসে আমরা দেখিনি। তিনি বলেন, দেশে অনেকে আদর্শিক লড়াই করে পিছু হটতে বাধ্য হন। তা না করে দলের ভেতরে নিজের আদর্শ প্রতিষ্ঠায় নিরলস লড়াই চালিয়ে যেতে হবে এবং টিকে থাকতে হবে।সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্রকে সুসংহত করার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিন। আপনারা জয়লাভ করলে জাতি মেনে নেবে, আমরাও মেনে নেব। আপনি, আপনার মন্ত্রী সবাই এত জনপ্রিয়, তাহলে ভয় কেন?’রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন। সে দিনকে উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। রিজভী বর্তমানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ আছেন।অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা জাফরুল হাসান, খায়রুল কবির, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।