তত্ত্বাবধায়ক সরকারকাঠামো পরিবর্তন হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা থাকবে। তবে এর পদ্ধতিগত ও কাঠামোগত পরিবর্তন আসতে পারে। ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সদস্য রহমত আলী, আবদুল মতিন খসরু ও রাশেদ খান মেনন। তাঁরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা থাকছে। কিন্তু এ সরকারের কাঠামো কেমন হবে এবং পদ্ধতিগত দিক থেকে এর ধরন কেমন হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিটি সূত্র জানায়, ১৩ মে গণভবনে বিশেষ কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আরও দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছেন।এর আগে ৮ মে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর থেকে ১৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্ট সংবিধান-সম্পর্কিত তিনটি রায় দিয়েছেন। এর মধ্যে ১০ মে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করে রায় দেন। ১১ মে সুপ্রিম কোর্ট মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের সময়সীমা ছাড়া অন্য যেসব বিষয় ক্রান্তিকাল হিসেবে সংবিধানের চতুর্থ তফসিলে স্থান পেয়েছে, তা বাতিলের নির্দেশ দেন। সবশেষে ১৫ মে সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে এইচ এম এরশাদের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করা হয়। এর প্রেক্ষাপটে গতকাল বিশেষ কমিটির ২৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতার কারণে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা থাকবে। তবে বর্তমানে যে পদ্ধতি আছে, সেটি সম্ভবত থাকবে না। তিনি জানান, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও থাকবে না। বিচারপতিদের অপসারণের জন্য সংবিধানের ১৯৭২ সালের বিধান ফিরিয়ে আনা হবে। সে ক্ষেত্রে সংসদের দুই-তৃতীয়াংশ ভোটের ভিত্তিতে বিচারকদের অপসারণ করা যাবে।কমিটির অপর সদস্য রাশেদ খান মেনন বলেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ সময়ে বিএনপির সহযোগিতা পেলে কমিটির জন্য ভালো হতো। তিনি জানান, আদালত চতুর্থ তফসিল থেকে সব সামরিক ফরমানের পাশাপাশি অনুচ্ছেদ ২১ এবং ২২ বাদ দিতে বলেছেন। এ দুটি অনুচ্ছেদের মাধ্যমে ১৯৯০-এর অস্থায়ী সরকার এবং ১৯৯১-এর নির্বাচিত সরকারকে বৈধতা দেওয়া হয়েছিল। এ দুটি অনুচ্ছেদকে যেকোনো কায়দায় সংবিধানের কোথাও না কোথাও স্থান দিতে হবে। একই বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিশেষ কমিটির সর্বশেষ বৈঠকের পর সুপ্রিম কোর্ট তিনটি রায় দিয়েছেন। রায়ে সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে এবং পঞ্চম সংশোধনীর পুনর্বিবেচিত রায়েও কিছু নির্দেশনা এসেছে। আপাতত এসব রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার আগ পর্যন্ত কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। পঞ্চম সংশোধনীর পুনর্বিবেচিত রায়ের কপি হাতে পেলে ক্রান্তিকালের ব্যাপারেও আলোচনা হবে বলে জানান তিনি।