ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে ছাত্র-সেনা সংঘর্ষের জন্য ত ৎ কালীন তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ। ওই ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির সঙ্গে গতকাল মঙ্গলবার টেলিকনফারেন্সে তিনি বলেছেন, ওই ঘটনায় সেনাবাহিনী সরকারের উপদেষ্টাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মাত্র।সকালে জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভা চলাকালে এ টেলিকনফারেন্স হয়। মইন উ আহমেদ যুক্তরাষ্ট্র থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে উপকমিটির চার সদস্যের ১৯টি প্রশ্নের জবাব দেন। তাঁরা হলেন: রাশেদ খান মেনন, বীরেন শিকদার, শাহ আলম ও মির্জা আজম। সকাল ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত এ টেলিকনফারেন্স হয়। টেলিফোনের স্পিকার বিকল থাকায় চার সদস্য চারটি টেলিফোন সেট থেকে মইনের সঙ্গে কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ও শিক্ষক সমিতির সভাপতি সদরুল আমিন।২০০৭ সালের ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত সংঘটিত ওই সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছর সংসদীয় উপকমিটি গঠিত হয়।কমিটির সভা শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, কমিটি সাবেক সেনাপ্রধানের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। বেশির ভাগ ক্ষেত্রে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের ওপর দায় চাপিয়েছেন এবং অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।মেনন বলেন, সেই সময় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা পরিকল্পিত ছিল এবং এর সঙ্গে সেনা গোয়েন্দা সংস্থা জড়িত বলে কমিটি মনে করে। এ ধরনের ভূমিকা গণতন্ত্রের বিকাশে বাধা। পুনরায় এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, সাবেক সেনাপ্রধান ক্যানসারে ভুগছেন। সে জন্য তিনি টেলিফোনে কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।কমিটির সভাপতি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী এর আগে কমিটিকে জানিয়েছেন, সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাক্যাম্প প্রত্যাহার, ঘটনার জন্য সেনাবাহিনীর দুঃখ প্রকাশ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আটক ছাত্র-শিক্ষককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেনা গোয়েন্দা সংস্থার চাপে বৈঠকের কার্যবিবরণী থেকে এই চার সিদ্ধান্ত বাতিল করা হয়। এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মইন বলেছেন, তিনি সেনাবাহিনীর নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন। বাস্তবায়নের ব্যাপারে তিনি কিছু জানেন না।মেনন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়াকে দুঃখজনক মন্তব্য করে মইন উ আহমেদ বলেছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ছাত্র-শিক্ষকদের রিমান্ডে নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীর নিচের পর্যায়ের কিছু কর্মকর্তার ভূমিকা ছিল।তবে কি সেনাবাহিনীর চেইন অব কমান্ড তখন কাজ করেনি—কমিটির এ প্রশ্নের জবাব সাবেক সেনাপ্রধান এড়িয়ে গেছেন বলে মেনন জানান। তিনি বলেন, সেনাশাসকেরা বিশ্ববিদ্যালয়কে তাঁদের প্রতিপক্ষ মনে করেন কি না। আইয়ুব খান, জিয়াউর রহমান, এইচ এম এরশাদ এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সেনাবাহিনীর সে রকম মনোভাব লক্ষ করা গেছে—কমিটির এ প্রশ্নের জবাবে মইন বলেছেন, ‘এটি ঠিক নয়। কারণ, আমাদের ছেলেমেয়েরাই তো সেখানে পড়াশোনা করছে।’কমিটির সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে ছাত্র-শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারত বা শেখ হাসিনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আছে কি না। এ ধরনের প্রশ্ন কতটা যৌক্তিক—কমিটির এ প্রশ্নের জবাবেও সাবেক সেনাপ্রধান মাঠপর্যায়ের নিচের সারির সেনা কর্মকর্তাদের দায়ী করেন। পূর্বসিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাক্যাম্প স্থাপন করা কতটা বিধিসম্মত—এ প্রশ্নের জবাবে মইন বলেন, ঢাকার জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক সেনাক্যাম্প স্থাপন করা হয়েছিল।মেনন আরও বলেন, সভায় অধ্যাপক হারুনুর রশিদ ও সদরুল আমিন জানিয়েছেন, ঘটনার সময় মেজর কামরুল নামের এক কর্মকর্তা ছাত্র ও শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। কমিটি এ বিষয়ও খতিয়ে দেখবে।