তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেওয়ার সুযোগ নেই: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সংবিধান সংশোধন করে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে পারে। আর এ জন্য বিরোধী দল বিএনপিকে জাতীয় সংসদে আসতে হবে।আজ শনিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত ‘বাংলার অম্লান নাম কামরুজ্জামান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে সুরঞ্জিত বলেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য বারবার বিরোধী দল বিএনপিকে সংসদে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা আসেনি। বিশেষ কমিটির কো-চেয়ারম্যান বলেন, ‘সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান হিসেবে আমি বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান জানাব। ’ তিনি বলেন, বিরোধী দল বিএনপি কমিটিতে এলে যতক্ষণ ইচ্ছা তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে। দেশে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান ।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অবৈধ জিনিসকে বৈধ করার কোনো ক্ষমতা জাতীয় সংসদের নেই। তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আরও আড়াই বছর সময় হাতে আছে। এ সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।