তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়। আজ আপিলের ওপর সংক্ষিপ্ত শুনানি করে আদালত ৭ মার্চ সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পঞ্চম সংশোধনীটির বিষয়ে আপিল বিভাগ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে শাসনতন্ত্র আলোচিত হয়েছে। এ নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে। এ সময় আদালতে আপিল আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী উপস্থিত ছিলেন। পরে অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। ৭ মার্চ আবার শুনানি হবে। প্রসঙ্গত, ১৯৯০ সালে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। যার কাজ ছিল শুধু নির্বাচন অনুষ্ঠান। দলীয় সরকারের নির্বাচন আয়োজনের ওপর দলগুলোর পারস্পরিক অবিশ্বাসই ছিল এর কারণ। ষষ্ঠ সংসদে গৃহীত ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন। এর ধারাবাহিকতায় হাইকোর্ট ২০০৪ সালের ২৪ আগস্ট দেওয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। তবে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। মূল রিট আবেদনকারী এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি বর্তমানে মো. আবদুল মান্নান খান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে রয়েছে।