তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনের চিন্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনের কোনো চিন্তা তাঁর সরকারের নেই। তবে সংবিধান সংশোধনের বিষয়ে আদালত রায় দিয়েছেন। এ বিষয়ে সংসদীয় কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জনমতের ভিত্তিতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।পাবনার ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, এক হাতে তালি বাজে না। ঘটনার তদন্ত চলছে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী সোমবার রাতে নিউইয়র্কে স্থানীয় বাংলা সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন।শেখ হাসিনা আরও বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এমন নয় যে শুরু হয়েছে এবং কয়েকজনের বিচার করেই শেষ হয়ে যাবে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের খুঁজে বের করা একটি অব্যাহত প্রক্রিয়া। যখনই তাঁদের খুঁজে পাওয়া যাবে, তখনই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।জাতিসংঘে বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর ৬৪তম জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং বিরোধীদলীয় নেত্রীর জন্মদিনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ তো একদিনই জন্মায়। অবশ্য কারও কারও দেখি চারটা-পাঁচটা জন্মদিন।’সভায় নিউইয়র্কের স্থানীয় এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ২১ আগস্টের ঘটনার সঙ্গে জড়িত বলে পত্রপত্রিকায় নাম এসেছে। তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আপনি কি ক্ষমা করেছেন?’এ প্রশ্নে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রশ্নকর্তাকে তিনি পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি এ সংবাদ কোথায় পেলেন?’ প্রশ্নকর্তা ভ্যাবাচেকা খেয়ে কোনো উত্তর খুঁজে না পেয়ে আশপাশে কাউকে খুঁজছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেন, ‘প্রথম আলোর সম্পাদক আমার সঙ্গে দেখা করেন। কিন্তু ক্ষমা চাওয়া-চাওয়ির কোনো ঘটনা ঘটেনি। আমি তো এসবের কিছু জানি না।’ তিনি বলেন, ২১ আগস্টের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের পরই জানা যাবে প্রকৃত ঘটনা কী ঘটেছিল।প্রসঙ্গত, সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিল। সেই প্রতিনিধিদলে প্রথম আলোর সম্পাদকও ছিলেন।অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার অনেককেই গ্রেপ্তার করেছে। আবার অনেক বড় বড় দুর্নীতিবাজকে ছেড়ে দিয়েছে। ফলে তারা সফল হতে পারেনি। তিনি বলেন, দুর্নীতিবাজদের বাঁচাতে বিরোধী মহল সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, যাদের নাগরিকত্ব ছিল না, জেনারেল জিয়া তাদের দেশে নিয়ে আসেন। জিয়াউর রহমানই যুদ্ধাপরাধীদের দেশে প্রতিষ্ঠিত করেছেন।যাঁরা বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন, দেশের আইন অনুযায়ী তাঁদের ভোটার হওয়ার সুুযোগ নেই। তবে অন্য প্রবাসীরা বাংলাদেশে এখন থেকে ভোটার হতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন মেনে সবাই রাজনীতি করবে। ধর্মের সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের কোনো যোগসূত্র নেই।কমিউনিটি হেলথ ক্লিনিকে দলীয় লোক নিয়োগ দেওয়া সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টার ইতিপূর্বে দেওয়া বক্তব্যকে তিনি সমর্থন করেন। প্রধানমন্ত্রী বলেন, গত বিএনপি সরকার লুটপাট করে ১৮ হাজার হেলথ ক্লিনিক প্রকল্প ধ্বংস করে দিয়েছিল। যারা প্রকল্প ধ্বংস করেছে তাদের হাতে কাজ দেওয়া নিরাপদ নয়। আওয়ামী লীগের লোকজনকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলন ছাড়াও নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় শেখ হাসিনা বলেছেন, ‘নিউইয়র্কে মিশনের জন্য আমরা স্থায়ী ভবন কিনেছি। বিভিন্ন দেশে অচিরেই বাংলাদেশ নিজস্ব ভবন করবে দূতাবাস ও কনস্যুলেট কার্যালয়ের জন্য।প্রধানমন্ত্রী প্রবাসের যুবসমাজকে বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘২০২১ সালে একটি সমৃদ্ধ দেশ হিসেবে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে চাই।’স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক ত্যাগ করার কথা।বিবিসিকে প্রধানমন্ত্রী: বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের প্রয়োজন আছে। তবে মানবতাবিরোধীদের বিচার-প্রক্রিয়ায় বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তা কাম্য হতে পারে না। সোমবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়।মানবতাবিরোধীদের বিচারের প্রক্রিয়া নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। বিশেষ করে যে প্রক্রিয়ায় লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে, তাতে এমন অভিযোগ উঠছে যে বিরোধী দলের কণ্ঠরোধ করতেই সরকার বিচার-প্রক্রিয়া নিয়ে এগোচ্ছে। এ অভিযোগের ব্যাপারে শেখ হাসিনা বলেন, অভিযোগটি একেবারেই ভিত্তিহীন। কারণ একাত্তরে যাঁরা মানবতাবিরোধী তৎপরতা চালিয়েছিলেন, ধর্ষণ-অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেই সরকার বিচারের প্রক্রিয়া শুরু করেছে।‘বিরোধী দলের নেতা থাকার সময় আপনি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ছিলেন, কিন্তু এখন বেসরকারি চ্যানেলগুলোতে বিটিভির সংবাদ প্রচারে চাপ দেওয়ায় সমালোচনা হচ্ছে।’ এ বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে দেশে মাত্র একটি টিভি ছিল। সে সময় আমার সরকারই প্রথম স্যাটেলাইট চ্যানেল চালুর ব্যবস্থা করে। আমাদের শাসনামলে প্রথমবারের মতো ব্যক্তিমালিকানায় স্যাটেলাইট চ্যানেল চালু হয়। সে সময় সিদ্ধান্ত হয়েছিল স্যাটেলাইট চ্যানেলগুলো দিনে দুবার বিটিভির সংবাদ প্রচার করবে। এ জন্যই আমরা তাদের সংবাদ প্রচারের অনুরোধ জানিয়েছি। এ ক্ষেত্রে কী করা যায়, সেটি আমরা দেখব। এতে তো দোষের কিছু দেখছি না।’কমনওয়েলথ গেমস আয়োজনে এ পর্যন্ত ভারত যে প্রস্তুতি নিয়েছে, সেটাকে তিনি কীভাবে মূল্যায়ন করেন, জানতে চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত তার সাধ্য অনুযায়ী গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আমার বলার কিছু নেই।’ প্রতিযোগিতার আগে যেসব দুর্ঘটনা ঘটেছে তাতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কি না—প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘প্রশ্নটি ভারতকেই করুন।’জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক: বাসস জানায়, জাতিসংঘ মহাসচিব বান কি মুন গণতন্ত্রকে শক্তিশালী, সামাজিক উন্নয়ন ও জাতিসংঘ নির্ধারিত এমডিজি লক্ষ্য-৪ অর্জনে ভূমিকা ও দৃঢ় নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। সোমবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ ভবনে মুনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় তিনি এ প্রশংসা করেন। বান কি মুন গত বছর কোপেনহেগেনে অনুষ্ঠিত কপ-১৫ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির ক্ষেত্রে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বেরও প্রশংসা করেন।এমডিজি লক্ষ্য-৪ অর্জনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের এমডিজি পুরস্কার লাভ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশ তাঁর বিচক্ষণ নেতৃত্বে ভবিষ্যতে অবশিষ্ট লক্ষ্যগুলোও অর্জনে সক্ষম হবে।বৈঠকে শেখ হাসিনা জাতিসংঘকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে আন্তরিক ও অক্লান্ত প্রচেষ্টার জন্য মহাসচিবের প্রশংসা করেন।সেনা পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় দেশ হিসেবে শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের (ডিপিকেও) নীতিনির্ধারণ ও প্রশাসনিক সংস্থায় বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়োগের জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রতি পুনরায় আহ্বান জানান।ইউনিসেফ নির্বাহীর সাক্ষাৎ: সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ এমডিজি পুরস্কার পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান।