তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা সম্ভব নয়। এ ব্যাপারে যদি বিকল্প কোনো প্রস্তাব থাকে তবে জাতীয় সংসদে এসে তা উপস্থাপন করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের মহাসমাবেশে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদে সরকারদলীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভা চলছে।সৈয়দা সাজেদা চৌধুরী অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পাকিস্তানের টাকায় চলেন।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, আমরা দিয়েছিলাম সমাবেশ, হয়েছে মহাসমাবেশ। এটি পরিণত হয়েছে জনসমুদ্রে। উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, তিনি বিরোধী দলকে সংসদে আসতে বলবেন না। কারণ তিনি জানেন, চোরের মতো সরকার ও সংসদের টাকা নিতে, বেতন-ভাতা নিতে এ মাসের মধ্যেই তাঁরা সংসদে আসবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচন এতটাই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে যে এ নিয়ে বিএনপিও কোনো অভিযোগ তুলতে পারেনি। আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে তাদের বাঁচানোর জন্য আন্দোলন করছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠন করে বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত তিন বছর ধরে দেশকে অন্ধকার থেকে টেনে তোলার চেষ্টা করছে। খালেদা জিয়া আবারও দেশকে অন্ধকারে ফেলে দিতে চাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের বিচার হোক, তা চান না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে খালেদা জিয়ার ৯০ দিনের আল্টিমেটামের জবাবে তিনি বলেন, ‘আপনি বিকল্প নির্বাচন ব্যবস্থার প্রস্তাব দেননি। আপনাকে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা যাবে না।’ তবে এ ব্যাপারে আলোচনা করতে চাইলে আলোচনা করা হবে বলে তিনি মন্তব্য করেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এ দেশের তরুণেরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দেশ চায়। জাতীয় জীবনে নানা সংকট আছে, বিদ্যুতের সংকট আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। তারপরও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ সব সংকট মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। আমাদের বিজয় অবশ্যম্ভাবী।বিকেল চারটার দিকে সমাবেশমঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।দুপুরের আগ থেকেই ঢাকা ও আশপাশের জেলাগুলো ছাড়াও কুষ্টিয়া, শরীয়তপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার হাজার হাজার নেতাকর্মীরা নানা ধরনের ব্যানার নিয়ে মিছিল করে সমাবেশে উপস্থিত হন। সমাবেশের মূল মঞ্চ করা হয়েছে বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে। মঞ্চে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং ১৪ দলের নেতারা বক্তৃতা দিচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সমাবেশকে ঘিরে পুরো গুলিস্তান এলাকা, পল্টন থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে মতিঝিলের দিলকুশা, গুলিস্তান থেকে সচিবালয়, গুলিস্তান থেকে মত্স্য ভবন এলাকা কার্যত অচল হয়ে পড়েছে।