তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হচ্ছে না: সুরঞ্জিত
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে। বিশেষ সংসদীয় কমিটিও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সুপারিশ করবে না। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কমিটিতে আলোচনার সুযোগ আছে। কারণ এটি ‘মিডনাইট ল’। ১১ দিনের একটি বিতর্কিত সংসদে আইনটি পাস হয়েছে।আজ বৃহস্পতিবার বিশেষ কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এসব কথা বলেন। বিতর্কিত একটি সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আইন পাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে সংসদে আইনটি পাস হয়েছে, সেখানে আমরা ছিলাম না। বিএনপি এককভাবে আইনটি পাস করেছে। তাই এখন আইনটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার সময় এসেছে।’বৈঠকের বিষয় তুলে ধরে সুরঞ্জিত জানান, বিশেষ কমিটির সভায় রাষ্ট্রপতির মেয়াদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, মৌলিক অধিকার, স্থানীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কমিটি আলোচনার বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এ নিয়ে কথা বললে অহেতুক বিতর্ক তৈরি হতে পারে।