তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ষড়যন্ত্র হচ্ছে: জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নেই। তাই তারা এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ষড়যন্ত্র করছে।আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। এ ছাড়া সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কোনো প্রহসনের আশ্রয় নেয়, তাহলে লাগাতার হরতাল দিয়ে দেশ অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জয়নাল আবদিন বলেন, সরকারের দুঃশাসনে সারা দেশে এক বিভীষিকাময় ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন মহাদুর্যোগ ও দুঃসময় চলছে দেশে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে মানুষ দিশেহারা। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুত্, পানি ও গ্যাস সংকটের সমাধান না করে বিরোধী দলকে দমন-নিপীড়নে ব্যস্ত হয়ে পড়েছে। তাই এ সরকারের ওপর এখন আর জনগণের কোনো আস্থা নেই।কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাহারউল্লাহ বাহারের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সহসভাপতি খোন্দকার গোলাম হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ, সাধারণ সম্পাদক ফারুক বাবুল, মো. সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।