বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপিত
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও গণতন্ত্রের পরিপন্থী
জাতীয় সংসদে বহু আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ ৫১টি সুপারিশ-সংবলিত প্রতিবেদন উপস্থাপন করেছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। আজ বুধবার রাতে কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এটি উপস্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। পরে প্রতিবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।প্রতিবেদন উপস্থাপনকালে সাজেদা চৌধুরী বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী এই জাতি দীর্ঘ দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের নামে অগণতান্ত্রিক শাসনের কবলে পড়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সাংবিধানিক দুর্বলতার সুযোগে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের দুজন প্রধান—জননেত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখে। গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হয়, শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের চরিত্র হরণ করা হয়। একই সঙ্গে সুকৌশলে আইনের অপব্যাখ্যা করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ দুই বছর প্রলম্বিত করা হয়।’সাজেদা চৌধুরী বলেন, বিদ্যমান ব্যবস্থাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হলেও গণতন্ত্রের পরিপন্থী। অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন। কমিটির সদস্যরা সুপ্রিম কোর্টের এ রায় মেনে নিয়ে এ ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক সরকারব্যবস্থার ধারা অব্যাহত রাখা শ্রেয় বলে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তবে অসহিষ্ণু রাজনৈতিক সংঘাত এড়াতে বিরোধী দল সংসদে এসে সাংবিধানিক পন্থায় প্রস্তাব রাখলে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছা যেতে পারে বলে কমিটি মনে করে।প্রসঙ্গত, বিধি অনুযায়ী সংসদে এই প্রতিবেদন উত্থাপনের পরই বিলুপ্ত হয়েছে এ বিশেষ কমিটি। গত বছরের ২১ জুলাই এটি গঠন করা হয়েছিল।