তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়ন করে ১৯৯৬ সালে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে আজ সকাল নয়টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে পরবর্তী দশম ও একাদশ সংসদের দুটি নির্বাচন হতে পারে। এ ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের বাদ দিয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংসদের স্বাধীনতা আছে।রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী দুটি নির্বাচন এ ব্যবস্থার অধীনে হবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের বাদ দিয়ে পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা সংসদের স্বাধীনতা আছে।আপিল আবেদনকারী মো. আবদুল মান্নান প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুশি। গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াল এবং বিচার বিভাগ আরও বেশি প্রভাবমুক্ত হলো। দশম ও একাদশ সংসদ নির্বাচন এ পদ্ধতিতে হবে। তবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকবেন কি না, সে ব্যাপারে সংসদ সিদ্ধান্ত নেবে। পূর্ণাঙ্গ আদেশ দেখে অসংগতি পাওয়া গেলে তা পুনর্বিবেচনার আবেদন করা হবে।’আপিল আবেদনকারীর পক্ষের আইনজীবী এম আই ফারুকী সাংবাদিকদের বলেন, ‘সংবিধান রক্ষা করতে পেরেছি। ১/১১-এর নজির আমাদের সামনে রয়েছে। আদালত আমাদের সংবিধানের কথা বলেছেন। ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে, যা জাতির জন্য ভালো। সংবিধান ও গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হওয়াই বাঞ্ছনীয়। প্রতিবেশী দেশে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হয়, সেখানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সামরিক শাসনের আরেকটি রূপ। সামরিক শাসনের অধীনে সংবিধানের অনেক কিছুই অকার্যকর ও স্থগিত থাকে। তেমনি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও অনেক বিধানই স্থগিত থাকে।’সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর ১০ দিন শুনানি গ্রহণ করেন আদালত। শুনানি শেষে গত ৬ এপ্রিল আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আজ এ বিষয়ে রায় দেওয়া হয়। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে পরের বছরই আপিল করা হয়। চলতি বছরের ১ মার্চ আপিল বিভাগে এর শুনানি শুরু হয়। আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় আটজন আইনজীবী বক্তব্য দেন। অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তবে রফিক-উল হক ও এম জহির বর্তমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দেন। অপর অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা সংবিধানের মৌল কাঠামোর পরিপন্থী।জানা যায়, ১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ রায় দেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে ওই রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। তবে আদালত এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেন। এই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। তবে এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি চলতি বছর মো. আবদুল মান্নান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে কার্যতালিকায় আসে।