তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: আপিলের শুনানি ২১ মার্চ পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিসংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানি নিয়ে আপিল বিভাগ ২১ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করেন। সকাল সাড়ে নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত শুনানি হয়। শুনানিতে অংশ নিয়ে আপিল আবেদনকারীদের আইনজীবী এম আই ফারুকী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে প্রজাতন্ত্রে গণতন্ত্রের সংস্কৃতি পরিবর্তন করা হয়েছে। ত্রয়োদশ সংশোধনী যেভাবে আনা হয়েছে, তা যথার্থভাবে আনা হয়নি বলেও তিনি দাবি করেন।শুনানিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন। সূত্র জানায়, আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল রয়েছেন। ১৯৯০ সালে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ষষ্ঠ সংসদে গৃহীত ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন।হাইকোর্ট ২০০৪ সালের ৪ আগস্ট দেওয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বৈধ ঘোষণা করেন। রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। তবে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। তবে এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি বর্তমানে মো. আবদুল মান্নান খান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে কার্যতালিকায় রয়েছে।