তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে: খালেদা
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হলে মানুষ তা মেনে নেবে না।খালেদা জিয়া গতকাল সোমবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন। বিরোধীদলীয় নেত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। কিন্তু এত দিন সরকার তা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। অথচ এখন প্রধানমন্ত্রী বলছেন, উন্নয়নকাজ বন্ধ রেখে খাদ্য আমদানি করবেন। উন্নয়ন বন্ধ হয়ে গেলে মানুষের হাতে টাকা কোথা থেকে আসবে?বিএনপির চেয়ারপারসন বলেন, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে সরকার ব্যর্থ। তারা ব্যস্ত লুটপাট ও নির্যাতন করতে। এই সরকারকে হটাতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির সাবেক নেতা কর্নেল (অব.) সৈয়দ আলী আহমেদ বিএনপিতে যোগ দেন। তাঁর সঙ্গে জাতীয় পার্টির জগন্নাথপুর পৌর শাখার সভাপতি জামিল মিয়া, সাধারণ সম্পাদক সোহেল আমিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সভাপতি মনোহর আলী, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, কোষাধ্যক্ষ আবদুল জলিলসহ শতাধিক নেতা-কর্মী যোগ দেন।এম ইলিয়াস আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।