তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখতে বাধ্য করা হবে। আইন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।আজ মঙ্গলবার নাটোর শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।জেলা বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে।নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার বিএনপিকে ভয় পায়। তাই তাঁরা যেকোনো মূল্যে যেনতেনভাবে আগামী জাতীয় নির্বাচন করতে চাইছে। সরকারি দল জানে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভয়াবহ পরাজয় ঘটবে। এই ভয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-আদালতকে ব্যবহার করছে।ভোট চুরির জন্য ইভিএম চালুর পাঁয়তারা করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের জনগণ ইভিএম পদ্ধতি মানবে না। বিএনপিকে বাদ রেখে কোনো নির্বাচন অতীতে যেমন টিকে নাই, ভবিষ্যতেও টিকবে না। এটা সরকার বুঝতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।’নাটোর জেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ, এম মোজাম্মেল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বক্তব্য দেন।