তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক আসন্ন সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল উপস্থাপন করে তা অনুমোদনের দাবি জানান। তিনি বলেন, এটি করা হলে আর কোনো আন্দোলনের দরকার হবে না। তখন ওই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে। এর বাইরে কোনো আলোচনা বা রূপরেখা দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রূপরেখা একটাই—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দিতে হবে।জয়নাল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, সরকারি দল আসনসংখ্যা বিচার করে সংসদকে একদলীয় সংসদে পরিণত করেছে।স্পিকারের রুলিংয়ের বিষয়ে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘ওই সময় মহাজোটের যাঁরা যাঁরা সংসদের সার্বভৌমত্ব নিয়ে বক্তব্য রেখেছিলেন, আবার যদি তাঁরা আসন্ন অধিবেশনে জোরালো কণ্ঠে সংসদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন, তাহলে আমরা খুশি হব।’আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক।