আশুলিয়ার ঘটনায় গণতদন্ত কমিশন চান ড. কামাল
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে: বি চৌধুরী
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামীবার অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট গ্রহণ হতে হবে বলে মনে করেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখতে পারেননি। এ জন্য তাঁরা অন্তত আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কথা বলেছেন।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে বি চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী আর অযোগ্য রাজনীতিবিদদের বর্জন করতে হবে। ছাত্র, যুব, পেশাজীবী ও সৎ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সবকিছু করা সম্ভব। বি চৌধুরী ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের ডাকের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্যপ্রবাসী কিছু ব্যক্তি এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। প্রবীণ এই দুই রাজনীতিক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে ১১১ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরকারের বিশেষ করে শ্রম মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন।গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আশুলিয়ার আগুন ও চট্টগ্রামে ফ্লাইওভারে গার্ডার-ধসের ঘটনার প্রকৃত কারণ বের করতে গণতদন্ত কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, শুধু কমিশন গঠন করলে হবে না। কমিশনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, প্রতিটি কারখানায় আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে। সরকারকে এটা নিশ্চিত করতে হবে। যারা এ ব্যাপারে গাফিলতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে জনগণই ব্যবস্থা নেবে। ড. কামাল হোসেন বলেন, শুধু নির্বাচনী প্রতীক দেখে ভোট দিলে হবে না। ভোটারদের প্রতীকের প্রতি অন্ধভক্ত হওয়া উচিত নয়। এই অন্ধভক্তির কারণে রাষ্ট্রের মালিক জনগণের ওপর সেবকেরা নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ দেশের এক শতাংশ মানুষও রাজতন্ত্র চায় না। সুষ্ঠু নির্বাচন হতেই হবে। তিনি সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।ড. কামাল খুনের মামলায় সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুরের তাহেরপুত্রকে রাষ্ট্রপতির ক্ষমাকে ‘অসাধারণ ক্ষমা’ বলে মন্তব্য করেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ইসলামিক কমিউনিটি সেন্টারের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ অহিদ উদ্দিন।