তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। তিনি বলেন, আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের জনপ্রিয়তা শূন্যর কোঠায় ঠেকেছে। শেখ হাসিনার পায়ের নিচে কোনো মাটি নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এ কারণে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আওয়ামী লীগের এ স্বপ্ন পূরণ হবে না। দৈনিক আমার দেশ বন্ধ ও পত্রিকাটির সম্পাদক গ্রেপ্তারের প্রতিবাদে ১ জুন কালো দিবসের আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ ও মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দিন ওমর, শফিক রেহমানসহ প্রমুখ।সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে উদ্দেশ করে মওদুদ আহমদ বলেন, ‘আপনি দেশে সাংবিধানিক সংকট তৈরি করেছেন। এ জন্য আপনার জনতার আদালতে বিচার হবে।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতা থেকেই তত্ত্বাবধায়ক সরকারের জন্ম হয়েছিল। তখন যে পরিস্থিতি ছিল, এখন পরিস্থিতি তার চেয়েও খারাপ। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।