তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন: শামসুজ্জামান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের মেয়াদ শেষ হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। সে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে। না হলে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এ কথা বলেন। ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনে আজ বিকেলে হরতাল পরিস্থিতি জানাতে ওই সংবাদ সম্মেলন করা হয়।শামসুজ্জামান দাবি করেন, হরতালের প্রথম দিনে সারা দেশে দলের অন্তত ১৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছেন ২৯০ জনের বেশি নেতা-কর্মী। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ছয় নেতা-কর্মীকে কারাদণ্ড এবং দুজনকে জরিমানা করেছেন।শামসুজ্জামান বলেন, দুঃশাসনের ফলে সরকার অচিরেই ষড়যন্ত্রের চোরাবালিতে তলিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা মনে করি হরতালে মানুষের কিছুটা দুর্ভোগ হয়। নিজেদের খানিকটা অসুবিধা হলেও জনস্বার্থে যেকোনো কর্মসূচি মানুষ সমর্থন করে। হরতাল অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। অথচ সরকার শুধু হরতাল নয়, মানববন্ধন, সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্দয়-নির্মম ব্যবহার করে।’আইন প্রতিমন্ত্রীর এক বক্তব্যের জবাবে শামসুজ্জামান বলেন, কারা কারাগারে যাবে তা নির্ধারণ হবে নির্বাচনের পর। যারা দুই শতাধিক মানুষ হত্যা করেছে, তারাই জেলে যাবে।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শামসুজ্জামান বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ উপস্থিত ছিলেন।