তত্ত্বাবধায়ক সরকারের ওপর দায় চাপালেন মইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনায় তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। আজ মঙ্গলবার টেলিকনফারেন্সে তিনি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটিকে জানিয়েছেন, ওই ঘটনায় সেনাবাহিনী সরকারের উপদেষ্টাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মাত্র।গতকাল সকালে সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এ সভা হয়। মইন উ আহমেদ আমেরিকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে সংসদীয় উপকমিটির বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সকাল ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত সংসদীয় কমিটির চার সদস্যের মোট ১৯টি প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় টেলিফোনের স্পিকার বিকল হয়ে পড়ায় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বীরেন শিকদার, শাহ আলম ও মির্জা আজম পৃথক টেলিফোন সেটের মাধ্যমে সাবেক সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুনুর রশিদ ও শিক্ষক সমিতির সভাপতি সদরুল আমিন।২০০৭ সালের ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। অপ্রীতিকর এই ঘটনা তদন্তের জন্য গত বছর সংসদীয় উপকমিটি গঠন করা হয়।সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মেনন জানান, কমিটি সাবেক সেনাপ্রধানের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। বেশির ভাগ ক্ষেত্রে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের ওপর দায় চাপিয়েছেন এবং অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। মেনন বলেন, সেই সময়ে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা পরিকল্পিত ছিল এবং এর সঙ্গে সেনা গোয়েন্দা সংস্থা জড়িত বলে কমিটি মনে করে। এ ধরনের ভূমিকা গণতন্ত্রের বিকাশে বাধা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নিতে হবে।মেনন জানান, সাবেক সেনাপ্রধান ক্যানসারে আক্রান্ত। তাই তিনি টেলিফোনে কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী কমিটিকে জানান, তখন উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাক্যাম্প প্রত্যাহার, ঘটনার জন্য সেনাবাহিনীকে দুঃখ প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আটক ছাত্র-শিক্ষকদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেনা গোয়েন্দা সংস্থার চাপে বৈঠকের কার্যবিবরণী থেকে এই চারটি সিদ্ধান্ত বাতিল করা হয়। এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মইন উ আহমেদ কমিটিকে বলেন, তিনি সেনাবাহিনীর নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেছেন। বাস্তবায়নের ব্যাপারে তিনি কিছু জানেন না।মেনন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন মইন। তিনি বলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ছাত্র-শিক্ষকদের রিমান্ডে নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীর নিচের পর্যায়ের কিছু কর্মকর্তার ভূমিকা ছিল।এ প্রসঙ্গে কমিটির প্রশ্ন ছিল, তবে কি সেনাবাহিনীর চেইন অব কমান্ড তখন কাজ করেনি? মইন এই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান বলে মেনন জানান।কমিটির প্রশ্ন ছিল, সেনা শাসকেরা বিশ্ববিদ্যালয়কে তাঁদের প্রতিপক্ষ মনে করেন কি না? আইয়ুব খান, জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সেনাবাহিনীর সেই রকম মনোভাব লক্ষ করা গেছে। এ প্রশ্নের জবাবে মইন উ আহমদে বলেন, ‘এটি ঠিক নয়। কারণ আমাদের ছেলেমেয়েরাই তো সেখানে পড়াশোনা করছে।তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে ছাত্র-শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারত বা শেখ হাসিনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আছে কি না। এ ধরনের প্রশ্ন কতটা যৌক্তিক? এ ক্ষেত্রেও সেনাপ্রধান মাঠপর্যায়ের নিম্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের দায়ী করেন বলে মেনন জানান।পূর্ব সিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাক্যাম্প স্থাপন কতটা বিধিসম্মত? এ প্রশ্নের জবাবে মইন বলেন, ঢাকার জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক সেনাক্যাম্প স্থাপন করা হয়েছিল।বৈঠকে অধ্যাপক হারুন-অর-রশিদ ও সদরুল আমিন জানান, ঘটনার সময় মেজর কামরুল নামের এক কর্মকর্তা ছাত্র ও শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। মেনন জানান, কমিটি এ বিষয়টিও খতিয়ে দেখবে।