তত্ত্বাবধায়ক সরকারের খোয়াব পূরণ হবে না: মেনন
বিএনপির উদ্দেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কোনো প্রস্তাব থাকলে আলোচনা করা যেতে পারে। নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। তত্ত্বাবধায়ক সরকারের যে খোয়াব দেখছেন, তা কখনোই পূরণ হবে না।’আজ শনিবার বিকেলে রাজধানীর পল্লবীর ১২ নম্বর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে ১৪ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন রাশেদ খান মেনন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।রাশেদ খান মেনন আরও বলেন, খালেদা জিয়া জামায়াতের দায়িত্ব নিয়ে বিএনপিকে কোন অবস্থানে নিয়ে গেছেন, তা বিএনপির নেতারাই বুঝতে পারছেন।এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সভাপতি ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সাংসদ ইলিয়াস আলী মোল্লাহসহ ১৪ দলের স্থানীয় নেতারা। জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জামায়াতের পক্ষ থেকে সরে না দাঁড়ালে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করবে। মোহাম্মদ নাসিম বলেন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে।