তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার চেয়ে ভালো কোনো ব্যবস্থা হতে পারে না। একটি ভালো ও গ্রহণযোগ্য পন্থা না-আসা পর্যন্ত এটা মেনে নিতে হবে বলে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।১৯৯৬ সালের প্রেক্ষাপট তুলে ধরে রোকনউদ্দিন মাহমুদ বলেন, এর চেয়ে ভালো ব্যবস্থা পাওয়া যায়নি বলে জনগণের মতৈক্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অসাংবিধানিক বলার সুযোগ নেই। এটা বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন যুক্তিও সঠিক নয়।সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে তিনি এই অভিমত তুলে ধরেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়।জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। ১৯৯৬ সালে জনগণ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করল। অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, এটা বলা হয় কিন্তু জনগণের মতৈক্যের ভিত্তিতেই এই ব্যবস্থা চালু হয়। এখানে অগণতান্ত্রিক ব্যবস্থার কিছু নেই।অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রধান উপদেষ্টা হওয়া নিয়ে অনেকেই মন্তব্য করতে পারেন কিন্তু প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন পরে আবার বিচার বিভাগে ফিরে এসেছেন। তাঁর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।অপর এক প্রধান বিচারপতি জনগণের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হননি। সুতরাং এটা বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে না। কারণ যিনি প্রধান উপদেষ্টা হচ্ছেন তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি তো আর বিচারকাজে ফিরে আসছেন না। এ ছাড়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধভাবেই সংশোধন করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরাই এই বিধানটা এনেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য এটা করা হয়েছে।এর আগে সকালে শুনানিতে অংশ নিয়ে অ্যামিকাস কিউরি মাহমুদুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। সাবেক প্রধান বিচারপতি হয়ে তিনি আর বিচার বিভাগে সম্পৃক্ত নন। সুতরাং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তিকে প্রভাবিত করার সুযোগ নেই।ষষ্ঠ সংসদে গৃহীত ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৪ আগস্ট দেওয়া রায়ে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বৈধ ঘোষণা করেন। রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। তবে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়।তবে এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি বর্তমানে মো. আবদুল মান্নান খান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় আসে। গত ১ মার্চ আপিল বিভাগে শুনানি হয়।