নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি
তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশটি বাতিল করুন
উন্নয়ন খাতে নিয়োগ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা পুনর্বহালের দাবি জানিয়েছেন শিক্ষকেরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ১৯৮৬-৮৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২০৫) উন্নয়ন প্রকল্পের আওতায় দেশে সাত হাজার ১৮৫ জন শিক্ষক নিয়োগ দেয়। ১৯৯১ সালের ৬ জুন প্রকল্পটি রাজস্ব বাজেটে স্থানান্তর এবং ১৯৯৫ সালে তাঁদের চাকরি নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা জারি করে। পরে প্রকল্পে নিয়োজিত অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরির ধারাবাহিকতা রক্ষায় চাকরি নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা ২০০৫ জারি করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৪ মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ বাস্তবায়ন-৪ অধিশাখা তা রহিত করে।জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকার ওই সময়ে নিয়োগ করা প্রাথমিক স্কুল শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা বিধিমালা বাতিল করায় অবসরে যাওয়া শিক্ষকেরা পেনশন ও আনুতোষিক পাওয়া থেকে বঞ্চিত হবেন। ফলে ওই সব শিক্ষক পরিবারকে মানবেতর জীবনযাপন করতে হবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের ওই অমানবিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে শিক্ষক সমাজকে রক্ষা করতে এবং কর্মস্থলে যোগদানের পর থেকে তাঁদের চাকরিকাল গণনা করতে হবে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের জারি করা এ অধ্যাদেশ বাতিল করা উচিত। অন্যথায় একজন স্কুল শিক্ষককে অবসরকালে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে। ওই সময়ে নিয়োগ করা নড়াইলের শিক্ষকেরা এ ব্যাপারে একটি স্মারকলিপি অফিসে দিলে তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ কে এম গোলাম মোস্তফা বলেন, ‘একজন মানুষ গড়ার কারিগরকে যদি চাকরি শেষে খালি হাতে বাড়ি ফিরতে হয়, এটা সত্যই অমানবিক। ওই শিক্ষকেরও পরিবার-পরিজন আছে। সেই পরিবারের সদস্যদেরও অভিভাবকের কাছে কিছু চাওয়া-পাওয়ার থাকে। ওই সময়ে নিয়োগ করা শিক্ষকেরা এ ব্যাপারে আমার সহযোগিতা কামনা করলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’