তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের কোনো নতুন বই হাতে এলে আমি গোগ্রাসে পড়ে ফেলার চেষ্টা করি। ২০১০ সালের একুশের বইমেলায় প্রকাশিত তাঁর তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার বইটি হাতে পেয়েই আমার মনে হলো ভারতীয় এক অধ্যাপকের দ্য বার্ডেন অব ডেমোক্র্যাসি বইটির কথা। ১৯৯৬ সালে প্রথম আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশকে নতুন করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে বিজয়ী দলের কাছে দেশের শাসনভার ফিরিয়ে দেওয়ার কঠিন দায়িত্ব পালন করেছিলেন তিনি। আলোচ্য বইটিতে তাঁর সেই তিন মাসের অভিজ্ঞতার কথা বর্ণিত হয়েছে।সময়টি ভালো ছিল না। পর পর দুবার ক্ষমতায় থেকে সদ্য পদত্যাগ করেছিল বিএনপি সরকার। দ্বিতীয়বার অবশ্য জনগণের চাপে ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিল বিএনপি। তাই তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে গিয়েছিল। সদ্য অবসরগ্রহণকারী বিচারপতিকে তাঁর অনেক বন্ধুবান্ধব সে সময় বলেছিলেন ওই দায়িত্ব গ্রহণ না করতে। তাঁদের বক্তব্য ছিল, ‘সামনেই একটা রক্তগঙ্গা বয়ে যাওয়ার দিন আসছে।’ বিচারপতি নিজে খুব উৎসাহী ছিলেন না এ ব্যাপারে। তবে দায়িত্বটি যখন সাংবিধানিকভাবে তাঁর ওপর এসে পড়ল, তখন তিনি তা গ্রহণ করলেন এবং ঠিক করলেন, যত বিপদ-আপদই আসুক না কেন, তিনি তাঁর দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। জীবনে তিনি কখনোই ভয়ে বা অন্য কোনো কারণে কোনো দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেননি, এবারও তা করবেন না।অনেক ভেবে নিয়োগ দিলেন ১০ জন উপদেষ্টা। তাঁদের সবাই একবাক্যে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করার শপথ নিলেন। সেই সময় বিএনপির নিয়োজিত রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সাহায্য-সহযোগিতা চাইলেন এবং সেখানেও একটা আশ্বাস পেলেন। শুরু হলো তিন মাসের শাসন, যার শেষে হলো নির্বাচন এবং যে নির্বাচনে জয়ী হলো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ।নির্বাচনের আগে ও পরে বেশ কয়েকটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। প্রথম ক্রাইসিসটির কথা এভাবে লিখেছেন, ‘তখন নির্বাচন হয়ে গেছে। একদিন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আমাকে টেলিফোন করে বললেন, “এরশাদ তো পাঁচ-পাঁচটা আসন থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন, সুতরাং তাঁকে আপনি প্যারোলে মুক্তি দিতে পারেন কি না?” বিচারপতি রাষ্ট্রপতিকে জানালেন, প্যারোলের কিছু নিয়ম-কানুন রয়েছে, তিনি সেগুলো দেখবেন এবং এ ব্যাপারে তিনি উপদেষ্টামণ্ডলীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। তিনি টেলিফোন ছাড়ার পরপরই ফোন করলেন। তখন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। উনি বললেন, “আপনি রাষ্ট্রপতির কথা শোনেন না!” বিচারপতি বিনয়ের সঙ্গে বললেন, একটু আগেই তিনি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। তিনি তো রাষ্ট্রপতিকে পরিস্থিতিটি বুঝিয়ে বলেছেন। বেগম খালেদা জিয়া হঠাৎ মেজাজ উঁচু করে বললেন, “আপনি যদি এমন করেন, তাহলে পরে আপনাকে আমরা ঘরে থাকতে দেব না, দেশেও থাকতে দেব না।” বিচারপতি হেসে বললেন, “আপনি কী সব অলক্ষুনে কথা বলছেন।” ক্রাইসিসটি তখনকার মতো কেটে গেল।’পরের ক্রাইসিসটির কথা দেশবাসী জানে। সে বছরের মে মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে রাষ্ট্রপতি বিশ্বাসের যে বিরোধ হয়, তাতে নির্বাচন ভেস্তে গিয়ে একটি রক্তাক্ত পরিস্থিতি হওয়ার আশঙ্কাকে কীভাবে বিচারপতি সামলেছিলেন এবং শেষ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনস্বীকৃত নির্বাচন করতে পেরেছিলেন, তা দেশবাসী জানে। তারই বর্ণনা রয়েছে বইটির ‘২০ শে মের ঘটনা’ অধ্যায়ে।তৃতীয় একটি ক্রাইসিস হয়েছিল সবার অজান্তে নির্বাচনের ফল ঘোষণার অব্যবহিত পরই। বেগম জিয়া একটি সংবাদ সম্মেলন ডেকে ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। খবরটি জানতে পারেন ঢাকায় অবস্থিত দুজন বিদেশি রাষ্ট্রদূত। বেগম জিয়া এ রকমটি করলে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কিছু করে ফেলতে পারেন, যাতে দেশে একটি অরাজক পরিস্থিতির উদ্ভব হবে বুঝতে পেরেছিলেন তাঁরা। অতঃপর ঢাকায় অবস্থিত মার্কিন, ব্রিটিশ, ফরাসি, জাপানি রাষ্ট্রদূত ও কানাডীয় হাইকমিশনার অনেক কষ্ট করে বেগম জিয়ার সঙ্গে তাঁর বাড়িতে দেখা করেন এবং তাঁকে ওই কাজ করা থেকে নিরস্ত করেন। এভাবে প্রধান উপদেষ্টার অগোচরেই একটি ক্রাইসিস কেটে গিয়েছিল। সেখানে একটি মজার পরিস্থিতির বর্ণনা রয়েছে পৃষ্ঠা ১১৭-১১৮তে।ইতিহাসবিদ মুহাম্মদ হাবিবুর রহমান এই বইয়ে যথারীতি ওই তিন মাসের ঘটনার পরিপ্রেক্ষিতে পৃথিবীর বহু দেশের নির্বাচন, নির্বাচনের সংকট ও সমাধানের কথা লিখেছেন। লিখেছেন, কীভাবে একবার ব্রিটেনেও তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রয়োজন হয়েছিল, কোন প্রয়োজনে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল সেখানকার নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছিলেন—এসব ঐতিহাসিক ঘটনার কথা।মোদ্দাকথা, এটি একটি অত্যন্ত সুখপাঠ্য ইতিহাস। যাঁরা বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ধাপ, এ দেশে গণতন্ত্রের অগ্র ও পশ্চাদ্গতি সম্পর্কে জানতে চান, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার তাঁদের জন্য একটি অবশ্যপাঠ্য বই।