তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই: আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আদালতের রায় এবং অতীতের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজন নেই। তিনি আজ বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। চারদলীয় জোটের গতকালের মহাসমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া ভাষণের জবাব দিতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, খালেদা জিয়া এককালে বলতেন, দেশে পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কোনো মানুষ নেই। তিনি আজ এত দিন পরে নিরপেক্ষ মানুষ কোথায় পাবেন?সৈয়দ আশরাফ বলেন, দক্ষ ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে দেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন বিশ্ববাসীর সামনে নিরপেক্ষ নির্বাচনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য খালেদা জিয়াকে আহ্বান জানান।সৈয়দ আশরাফ বলেন, বিরোধীদলীয় নেতার গতকালের ভাষণের বেশির ভাগ অংশই ছিল মিথ্যাচার ও বানোয়াট তথ্যে পরিপূর্ণ। তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার দুই দুর্নীতিবাজপুত্র ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই গতকাল মহাসমাবেশের আয়োজন করেছিল। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যদি আপনার দুই দুর্নীতিবাজ পুত্র ও যুদ্ধাপরাধীদের বিচারের হাত থেকে নিষ্কৃতি চান, আপনার এসব আবদার আমরা মানব না।’আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকালের মহাসমাবেশে খালেদা জিয়ার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দ আশরাফ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে আপনিই বলুন, আমাদের শাসনামলে বিএনপির কতজন সাংসদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।’ তিনি বলেন, এই আমলে এখনো পর্যন্ত একসঙ্গে ৫০০ স্থানে বোমা হামলা কিংবা ঝালকাঠিতে বিচারক হত্যা অথবা গাজীপুরে আদালতে বোমা বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেনি।খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়ার দুই ছেলেই দুর্নীতিবাজ। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের আদালতে তাঁদের দুর্নীতি প্রমাণিত হয়েছে। তাঁরা দোষীও সাব্যস্ত হয়েছেন।সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা হয়েছে, খালেদা জিয়ার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে সৈয়দ আশরাফ বলেন, সংবিধানে বিসমিল্লাহও আছে, আল্লাহর নামও আছে। তিনি বলেন, খালেদা জিয়া নিজেই গতকাল মাগরিবের আজানের সময় নিজের বক্তব্য চালিয়ে গেছেন । আসলে তারা রাজনীতির কারণেই ধর্মকে ব্যবহার করে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, যে আইনটি নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা বিএনপি সরকারের আমলেই সংসদে পাস হয়েছিল। এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারাও নিশ্চয়ই জানে, কোন আইনের অধীনে তারা সেখানে অধ্যয়ন করছে। তিনি প্রশ্ন রাখেন, যখন এই আইনটি পাস হয়েছে, তখন তারা আন্দোলন করেননি কেন? তিনি বলেন, বর্তমান সরকার বরং এ ব্যাপারে নতুন আইন করার চিন্তাভাবনা করছে।