তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থা সঠিক: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি মনে করে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যেভাবে আছে, তা সঠিক। এটাই থাকা উচিত।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, ‘তবে কাউকে প্রধান উপদেষ্টা করার জন্য অন্যদের সুপারসিড করা হলে তা বিএনপি মানবে না।’মওদুদ আহমদ বলেন, সংবিধান সংশোধনের জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো গ্রহণযোগ্য নয়। এটা প্রহসন, দুরভিসন্ধিমূলক ও সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার একটি অপকৌশল। তাই তাঁরা সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে যাননি। তাঁর দাবি, বৈঠকে না যাওয়া-সংক্রান্ত বিশেষ কমিটির কাছে বিএনপির দেওয়া চিঠির ভাষা মার্জিত ও তথ্যনির্ভর।মওদুদ দাবি করেন, বিশেষ কমিটির প্রথম বৈঠকে যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের সবাই যাননি। সব সাবেক প্রধান বিচারপতি এতে অংশ নেননি। আর যেসব আইনজ্ঞ গেছেন, তাঁরা সবাই একই মতাদর্শের।সংবিধান সংশোধন নিয়ে চলমান পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরতে গতকাল বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এই সংবাদ সম্মেলন করে। এ সময় বিএনপির নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।মওদুদ আহমদ বলেন, সুপ্রিম কোর্টের যে রায়ের আলোকে সংবিধান সংশোধনের কথা আসছে, সেই রায় পুনর্বিবেচনার জন্য সরকারই দুটি রিভিউ পিটিশন করেছে। এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধন-প্রক্রিয়া চলতে পারে না। সংবিধান সংশোধন নিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, পঞ্চম সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় বিএনপি দলীয়ভাবে গ্রহণ করে না। বিএনপি মনে করে, রাজনৈতিক বিষয়ে আদালতের জড়িত হওয়া উচিত হয়নি।এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত বিল মন্ত্রিপরিষদে অনুমোদনের পর তা সংসদে উত্থাপিত হলে বিএনপি সিদ্ধান্ত নেবে ওই বিলের ওপর তাদের আলোচনা করার প্রয়োজন আছে কি না।