তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন নির্দিষ্ট করার বিষয়ে একমত হয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আগামী ১০ বছর পর্যন্ত চালু রাখার প্রস্তাবও কমিটির বিবেচনায় রয়েছে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নিয়োগের বিধানেও সংশোধনী আনার চিন্তা চলছে।জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার বিশেষ কমিটির ১৪তম সভায় এসব বিষয়ে প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।তবে সভা শেষে এসব বিষয়ে জানতে চাইলে কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আগামীকাল (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে গণমাধ্যমকে জানানো হবে।’জানা গেছে, বিশেষ কমিটি আগামী (এপ্রিল) মাসের প্রথম দিকে সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রতিবেদনের খসড়া চূড়ান্ত করবে। এরপর সংবিধান সংশোধনের জন্য এপ্রিলের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করা হচ্ছে। এ অধিবেশন হবে সংক্ষিপ্ত।জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে একটি অধিবেশন ডাকার পরিকল্পনা রয়েছে। ওই অধিবেশনে সংবিধান সংশোধনের বিশাল কাজটি করা হতে পারে।কমিটির একাধিক সদস্য জানান, গতকালের সভায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মেয়াদ নির্ধারণ করে দেওয়ার পক্ষে মত দেন উপস্থিত সব সদস্য। একাধিক সদস্য বলেন, তত্ত্বাবধায়ক সরকার কত দিনের মধ্যে তাদের দায়িত্ব শেষ করবে, তা সুনির্দিষ্ট না থাকার সুযোগেই বিগত তত্ত্বাবধায়ক সরকার দুই বছরেরও বেশি সময় দায়িত্বে ছিল। এ কারণেই কমিটি সংবিধানের ১২৩ অনুচ্ছেদে থাকা নির্বাচন-সংক্রান্ত বিধানের সঙ্গে সংগতি রেখে ৫৮(খ) অনুচ্ছেদে সংশোধনী আনার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।সভায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আরও কিছু সুপারিশ করতে একমত হয় কমিটি। এর মধ্যে রয়েছে, আগামী দুই থেকে তিন মেয়াদের মধ্যে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ। তবে এসব সুপারিশ সংশোধিত সংবিধানে সংযোজনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।প্রসঙ্গত, সংবিধানের ৫৮(খ) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হলে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে। এ সরকার দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বহাল থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো মেয়াদ সুনির্দিষ্ট করা নেই। তবে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে আসন শূন্য হলে সেই আসন পূরণের জন্য ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিনের মধ্যে সুনির্দিষ্ট করার প্রস্তাবটি ভালো। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংবিধানে পরিষ্কারভাবে না থাকলেও সংসদ ভাঙার দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছে। এখন এটি সংবিধানে সুনির্দিষ্ট করে দিলে ভালো হবে।জানা যায়, গতকাল সভায় সংসদ সদস্যদের টানা অনুপস্থিতির মেয়াদ ৯০ দিন নির্ধারণের সুপারিশ করার নীতিগত সিদ্ধান্ত হয়। কমিটির অধিকাংশ সদস্য সংবিধানের এ-সংক্রান্ত ৬৭ অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে একমত হন। এই অনুচ্ছেদে রয়েছে, কোনো সদস্য টানা ৯০ কার্যদিবস সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে।গত ২৪ মার্চ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তও সংসদ অধিবেশনে টানা অনুপস্থিতির মেয়াদ ৯০ দিন করার প্রস্তাব করেন।এ ছাড়া সভায় স্থানীয় সরকারব্যবস্থা এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা-মেয়াদ নিয়েও আলোচনা হয়। কমিটির চেয়ারম্যান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।