তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতাসীনদের বাধ্য করা হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আজ শনিবার বিকেলে নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। একই কর্মসূচি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলোও পালন করেছে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে একের পর এক বিএনপি নেতাদের কারাগারে পুরছে। এদের আক্রোশ থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোও রক্ষা পাননি।মির্জা ফখরুল বলেন, একদিকে বিএনপির নেতা-কর্মীদের অন্যায়ভাবে জেলে ঢোকানো হচ্ছে, অন্যদিকে কুখ্যাত চিহ্নিত খুনিদের সাজা মওকুফ করছেন রাষ্ট্রপতি। সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে নির্মমভাবে হত্যা করার পরও সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। পুলিশ প্রশাসনকে শুধু ব্যবহার করা হচ্ছে বিরোধী দলকে দমন করার জন্য। ফখরুল ইসলাম বলেন, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ হয়েছে মগবাজারে এসে শেষ হয়। বিএনপির কর্মসূচির কারণে নয়াপল্টন, কাকরাইল মোড়, ফকিরেরপুল এলাকা পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে এ এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ: কর্মসূচির শেষে পুলিশকে লক্ষ্য করে কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মোশাররফ হোসেন নামের একজন পুলিশ কনস্টেবল আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারে মিছিলটি আসার পর এর সমাপ্তি ঘোষণা করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এর পরই আদ দ্বীন হাসপাতালের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তবে এ ঘটনার পর পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা না করায় পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে যায়। সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল, ভোটের অধিকার হরণ, জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আরাফাত রহমান কোকোকে সাজা প্রদান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের ওপর পুলিশি নির্যাতনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।