নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মহাজোট সরকার ৩০টি আসনও পাবে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর এখন দলীয় সরকারের অধীনেও তারা নির্বাচন করতে ভয় পাচ্ছে, যদি জনগণ বিদ্রোহী হয়ে সব ভোট তাদের বিপক্ষে দিয়ে দেয়। এ কারণেই তারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে।’আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। ২২ সেপ্টেম্বরের হরতালে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।মির্জা আলমগীর বলেন, ‘দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। মানুষের জীবন অসহনীয় হয়ে পড়েছে। আমরা বাজারে গেলে মানুষ বলে, আপনারা কি কারণে এই সরকারকে নামাতে পারেন না। অথচ সরকার বলে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে নাকি আমরা আন্দোলন করছি।’সরকারের কাছে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘এই ভাঙা রেকর্ড আর কতদিন বাজাবেন। এর আগে পিতার হত্যাকারীদের বিচারের গান বাজাতেন। মানুষ এখন আর ওই রেকর্ড শুনতে রাজি নয়।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে মির্জা আলমগীর সরকারকে প্রশ্ন করে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার রাখতে কেন এত ভয়? কারণ সরকার বুঝে গেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ৩০টি আসনও মিলবে না। সে জন্যই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নির্বাচনের ব্যবস্থা করেছে। তার পরও তারা নিশ্চিত হতে পারছে না। সে জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মামলা দিয়ে তাঁদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে।’হরতালে সারা দেশে সাড়ে ৭০০ নেতা-কর্মীকে আহত, পাঁচ শতাধিক গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালত দিয়ে শতাধিক নেতা-কর্মীকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।মির্জা ফখরুল বলেন, বিএনপির আমলে জ্বালানি তেলের আন্তর্জাতিক মূল্য ছিল প্রতি ব্যারেলে ৭৫ ডলার। তখন এক লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হতো ৩৩ টাকা। এখন আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেল ৮৬ ডলার। বেড়েছে ৫ থেকে ১০ শতাংশ। কিন্তু সরকার এক লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করেছে ৫১ টাকা। বিএনপির সময়ের তুলনায় এখন ৩৭ টাকা করলে সেটা সঠিক হতো। তিনি বলেন, সরকার বলছে, ভর্তুকি কমাতে তেলের দাম বাড়িয়েছে। আসলে ভর্তুকি নয়, সরকারি দলের লোকদের দুর্নীতির সুযোগ করে দিতেই তেলের দাম বাড়ানো হয়েছে। আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।মির্জা ফখরুল বলেন, ২৭ সেপ্টেম্বর বেলা দুইটায় নয়াপল্টনে খালেদা জিয়ার জনসভা জনারণ্যে পরিণত হবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার ওই সমাবেশ থেকে এই সরকারের যে আর সময় নেই, তা বলে দেওয়া হবে।মহানগর বিএনপির আহ্বায়ক ঢাকার মেয়র সাদেক হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, ছাত্র-বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।