তথাকথিত শান্তির আলোচনায় ‘শীতল’ আব্বাস
নতুন করে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর প্রস্তাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঈষত্ ‘শীতল’ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। মাহমুদ আব্বাস বলেছেন, মধ্যস্থতাকারীদের তথাকথিত শান্তির আলোচনার প্রস্তাব তিনি বোঝার চেষ্টা করছেন। তবে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের কোনো পরিকল্পনা না থাকলে ফিলিস্তিন কোনো আলোচনায় বসবে না। জাতিসংঘের সদর দপ্তর থেকে ফেরার পথে গতকাল শনিবার মাহমুদ আব্বাস নিউইয়র্কে বিবিসিকে এ কথা বলেন।মাহমুদ আব্বাস বলেন, ‘দশকের পর দশক ধরে বিছিন্নভাবে জীবনযাপন, ঔপনিবেশিক শাসন ও সীমাহীন ভোগান্তির পর এখন সময় এসেছে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের মতো স্বাধীন ও সার্বভৌম দেশে স্বাধীনভাবে বাস করার।’ফিলিস্তিন ও ইসরায়েলকে এক মাসের মধ্যে আবারও নতুন করে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে উভয়পক্ষকে ২০১২ সালের মধ্যে একটি চুক্তিতে পৌঁছার অঙ্গীকার করার কথা বলেছে।২০১০ সালের সেপ্টেম্বরে উভয়পক্ষের মধ্যে সরাসরি আলোচনা ভেস্তে যায়। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে ফিলিস্তিন শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনা শুরুর প্রস্তাবের ব্যাপারে আব্বাস বিবিসিকে বলেন, ইহুদি বসতি স্থাপন বন্ধ কিংবা ৬৭ সালের সীমান্ত চুক্তির বিকল্প হলে ফিলিস্তিন কোনো আলোচনায় বসবে না।গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, বসতি স্থাপন কোনো সমস্যা নয়। মূল সমস্যা ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ফিলিস্তিনের স্বীকৃতি না দেওয়া।গত শুক্রবার মাহমুদ আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে আনুষ্ঠানিক আবেদন জানান। আগামীকাল নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্র ভেটো দেবে বলে আগেই জানিয়ে দিয়েছে।