তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের দুটি ধারা নিয়ে হাইকোর্টের রুল
তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৪৬ ও ৫৭ ধারা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবী আরাফাত হোসেন খান, কাজী আতাউল আল ওসমান ও রোকেয়া চৌধুরী গত ৬ জুন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক বাংলাদেশে বন্ধে সরকারি আদেশ এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনের ওই ধারা দুটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে বিটিআরসি, আইনসচিব, তথ্য মন্ত্রণালয়, বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগসচিবকে রুলের জবাব দিতে বলেছেন।রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী সারা হোসেন বলেন, তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৪৬ ধারায় জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রকের নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এ আইনে নিয়ন্ত্রক নিয়োগ দেওয়ার কথা বলা আছে এবং এ ব্যাপারে প্রজ্ঞাপন জারির কথাও উল্লেখ আছে। কিন্তু এ ধরনের কোনো প্রজ্ঞাপন রিট আবেদনকারীদের নজরে আসেনি।সার হোসেন আরও যুক্তি দেন, আইনের ৫৭ ধারায় ইলেকট্রনিক ফর্মে লেখা অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ-সংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিষয়ে বলা আছে। এ ধারা মতে, ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ইলেকট্রনিক বিন্যাসে কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যা মিথ্যা, অশ্লীল বা যে প্রকাশনা দেখলে নীতিভ্রষ্ট বা অসত্ উদ্দেশ্য মনে জাগতে পারে, তার জন্য জরিমানার বিধান আছে। কিন্তু ব্যক্তি যে নীতিভ্রষ্ট বা তার মনে যে অসৎ উদ্দেশ্য জেগেছে, তা মাপার কোনো মানদণ্ড নেই। তিনি আরও বলেন, গত ৩০ মে সরকার ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং ৪ জুন খুলে দেয়। বিষয়গুলো সংগতিপূর্ণ নয় বলেই রিট দায়ের করা হয়েছে।