তথ্য কমিশন এক বছর ধরে ভুল তথ্য দিয়ে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের তথ্য নিয়ে ২০১১ সালে প্রকাশিত কমিশনের প্রথম বার্ষিক প্রতিবেদনে তথ্য অধিকার আইনের আওতায় মানুষকে তথ্য দেওয়ার হিসাবটি অতিরঞ্জিত ছিল। খোদ তথ্য কমিশনের মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠলেও ভুল স্বীকারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং বিভিন্ন অনুষ্ঠানে ওই ভুল হিসাবটিই দেওয়া হয়েছে এবং হচ্ছে।কমিশন হিসাবটি করেছিল বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য নিয়ে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, বেশ কিছু সংস্থার কাছে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য দেওয়ার বিষয়টি হয় স্পষ্ট ছিল না অথবা বিষয়টি তাদের কাছে তেমন গুরুত্ব পায়নি।কমিশনের শীর্ষ এক ব্যক্তি বিতর্ক এড়াতে নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ওই প্রতিবেদন তৈরির সময় কিছু প্রতিষ্ঠানের সরবরাহ করা তথ্য সম্পর্কে সন্দেহ ছিল। কিন্তু তথ্য কমিশনের কোনো কোনো কর্তাব্যক্তি ‘কাজ দেখাতে হবে’, এই যুক্তিতে অতিরঞ্জিত তথ্য প্রতিবেদনে দিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম বছর সাধারণ মানুষ তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরম ব্যবহার করে ২৫ হাজার ৪১০টি আবেদন করে, যাতে প্রায় সব তথ্যই দেওয়া হয়। এর মধ্যে ২২ হাজার ৯৬৯টি আবেদন ছিল সরকারি কর্তৃপক্ষের কাছে। কিন্তু এসব তথ্যের অনেকগুলোই আসলে আইন অনুযায়ী তথ্য বলে বিবেচিত হবে না, আবেদনও ছিল মামুলি বা নৈমিত্তিক।তথ্য অধিকার আইনে যেকোনো তথ্যকেই তথ্য বলা হয়নি। বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ প্রকাশিত তথ্য অধিকার আইনের সহজ পাঠ বইটিতে সহজ করে যেমনটা বলা হয়েছে, ‘তথ্য হচ্ছে সরকারের কাজের সঙ্গে সম্পর্কিত অপ্রকাশিত এবং গোপনীয় সব তথ্য।...প্রকাশিত সরকারি অনেক তথ্য আছে, যা এই আইন প্রয়োগ করে জানার দরকার হয় না। কারণ, তা সরকারের বিভিন্ন অফিস থেকে সংগ্রহ করা যায়।’এ ছাড়া তথ্য অধিকার আইনের ৮(৩) ধারায় বলা হয়েছে, ‘এই ধারার অধীন তথ্য প্রাপ্তির অনুরোধ কর্তৃপক্ষ কর্তৃক মুদ্রিত ফরমে বা ক্ষেত্রমতে নির্ধারিত ফরমেটে হইতে হইবে।’ আরও বলা হয়েছে, লিখিত কোনো নথির কপি পেতে প্রতি পৃষ্ঠা দুই টাকা হারে ফি দিতে হবে।অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা যে ধরনের তথ্য জনসাধারণকে সরবরাহ করেছে, তার সিংহভাগই ছিল প্রকাশিত তথ্য এবং নির্দিষ্ট ফরম পূরণ করে বা ফির বিনিময়ে এই তথ্য সরবরাহ করা হয়নি।ভুল, মামুলি, দায়সারা: তথ্য কমিশনের প্রথম বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে মানুষ সবচেয়ে বেশি তথ্য চেয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিআইডব্লিউটিএ তথ্য কমিশনকে জানিয়েছিল, ২০১০ সালে তারা দুই হাজার ৬৬৪টি আবেদনের উত্তরে তথ্য দেয়।গত মাসের শেষ ভাগে বিআইডব্লিউটিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আলম এই প্রতিবেদককে বলেন, এগুলোর মধ্যে লঞ্চ কখন ছাড়বে বা ঘাটে ভিড়বে, বিভিন্ন ঘাটের ইজারা নিতে কত টাকা লাগবে—মৌখিকভাবে দেওয়া এমন তথ্যও ছিল। এসব জানতে কেউ তথ্য অধিকার আইন প্রয়োগ করেনি। তিনি বলেন, তাঁদের প্রতিষ্ঠানে এখনো তথ্য অধিকার ফরম পূরণ করে কেউ কোনো তথ্য চেয়েছে বলে তাঁর জানা নেই।ইকবাল আরও বলেন, দ্বিতীয় বছরে অর্থাৎ ২০১১ সালে তাঁরা তিন হাজার ২০০ প্রশ্নের উত্তর দিয়েছেন বলে কমিশনকে জানিয়েছেন। হিসাবটি কীভাবে করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গড়ে প্রতিদিন কমপক্ষে ১০টি প্রশ্নের উত্তর দিতে হয় বিআইডব্লিউটিএতে। বছরে ৪০ দিন সরকারি ছুটি। এই দিনগুলো বাদ দিলে গড়ে সাড়ে তিন হাজার প্রশ্নের উত্তর দিতে হয়েছে।অন্যদিকে প্রথম বছর তথ্য সরবরাহ করে সবচেয়ে বেশি আয় করেছিল সরকারি কর্মকমিশন (পিএসসি) ও আবহাওয়া অধিদপ্তর। পিএসসি তথ্য কমিশনকে জানিয়েছিল, তথ্য অধিকার আইনে ৬১৭টি তথ্য সরবরাহ করে তারা নয় লাখ ৫৮ হাজার ৩০০ টাকা আয় করেছে। এর সবগুলোই ছিল বিসিএস পরীক্ষার নম্বরপত্র।গত সপ্তাহে কর্মকমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীরা আগে নম্বরপত্র পেতেন না। এখন পিএসসির নির্ধারিত ফরমে আবেদন করে নম্বরপত্র পাওয়া যায়। তবে এর সঙ্গে তথ্য অধিকার আইনের কোনো সম্পর্ক নেই। নম্বরপত্র পেতে একেকজনকে এক হাজার টাকা জমা দিতে হয়েছে, যা তথ্য অধিকার আইনে বর্ণিত খরচের চেয়ে অনেক বেশি।প্রথম বছর শেষে আবহাওয়া অধিদপ্তর তথ্য কমিশনকে জানিয়েছিল, তারা ১৭০টি আবেদনের উত্তরে তথ্য সরবরাহ করে আয় করেছে চার লাখ ৪৫ হাজার ৬৫০ টাকা। এসব তথ্যের ধরন সম্পর্কে জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব প্রথম আলোকে বলেন, আবহাওয়া অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের তথ্য অর্থের বিনিময়ে সরবরাহ করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাঁদের ব্যক্তিগত গবেষণা বা তথ্যের বাণিজ্যিক ব্যবহারের জন্য আবহাওয়া অধিদপ্তরে কোনো তথ্য চাইলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে সেই তথ্য দেওয়া হয়। আবেদনগুলোর কোনোটিতেই তথ্য অধিকার আইনের ফরম ব্যবহার করে করা হয়নি।ঠেকে শেখা?: ৮ মে তথ্য কমিশন ২০১১ সালের যে বার্ষিক প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়, তাতে আবেদনের সংখ্যা অনেক কম। কমিশনের দ্বিতীয় এই প্রতিবেদনে দেখা যায়, ২০১০ সালের চেয়ে গত বছর ১৭ হাজার ৭৩৯টি আবেদন কম পড়েছে।আবেদন এত কমল কেন জানতে চাইলে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির প্রথম আলোকে বলেন, ‘সরকার নিজে থেকেই জনগণকে সব তথ্য দিয়ে দিচ্ছে বলে তথ্য অধিকার আইনে চাওয়া তথ্যের পরিমাণ কমে এসেছে। সরকার স্বেচ্ছায় যত বেশি তথ্য দেবে, ততই এ আইনের ব্যবহার কমে আসবে।’ তবে প্রথম বছরের বিভ্রান্তি বিষয়ে কোনো প্রশ্নের জবাব তিনি দেননি।তথ্য কমিশনার সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, এ বছর তথ্য-পরিসংখ্যান অনেক যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। সে কারণে এবার সংখ্যা অনেক কমে এসেছে।যাচাই-বাছাই ছাড়াও পরিসংখ্যান চেয়ে পাঠানো চিঠিতেও এবার কমিশন পরিবর্তন এনেছে। ২০১০ সালের প্রতিবেদনের জন্য কমিশন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ‘কর্তৃপক্ষওয়ারী তথ্য সরবরাহের জন্য প্রাপ্ত অনুরোধের সংখ্যা’ জানতে চেয়েছিল। ২০১১ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য কমিশন যে চিঠি পাঠিয়েছে, তাতে ‘তথ্য অধিকার আইনের ফরম ব্যবহার করে তথ্য সরবরাহের জন্য প্রাপ্ত অনুরোধের সংখ্যা এবং অনুরোধসমূহের সংক্ষিপ্ত বিষয়াবলী’ জানতে চাওয়া হয়েছে।এ ছাড়া দেশের সরকারি ও এনজিও পর্যায়ে মৌখিকভাবে চাওয়া তথ্যগুলোকেও বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ছকে আবেদন আর মৌখিক জিজ্ঞাসার মধ্যে পার্থক্য সম্পর্কে সচেতন নন। তাই মৌখিক জিজ্ঞাসাকেও তাঁরা ভুলভাবে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন হিসেবে দেখান।