চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রী জেকি হত্যা মামলা
তথ্য গোপন রেখে হাইকোর্ট থেকে পাঁচ আসামির জামিন!
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রী হত্যা মামলায় তথ্য গোপন করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন পাঁচ আসামি। আসামিরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। জামিন নেওয়ার সময় আসামিরা ওই ছাত্রীসহ পাঁচজনের আহত হওয়ার বিষয়টি শুধু আদালতকে জানান। যদিও আহত হওয়ার ৪২ ঘণ্টা পর মেয়েটি হাসপাতালে মারা যায়।স্থানীয় সূত্র জানায়, গত ২০ জুন বিকেলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সপ্তম শ্রেণীর ছাত্রী জেকি আকতার (১৫) ২২ জুন সকাল নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।পুলিশ সূত্র জানায়, জেকির মৃত্যুর সোয়া নয় ঘণ্টা আগে ২১ জুন রাত পৌনে ১২টায় তার বাবা মো. জহির আহম্মদ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেন। এজাহারে মোহাম্মদ মনির (৩০), আহম্মদ কবির (৫০), মোহাম্মদ বেলাল (৩২), পারুল আকতার (২২) ও দরুছালাম ওরফে লতা বুড়িকে (৪৪) আসামি করা হয়।আদালত সূত্র জানায়, পাঁচ আসামি ২০ জুলাই হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। হাইকোর্টের বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামিদের জামিন মঞ্জুর করেন। জামিনের আবেদনে আসামিরা এজাহারে বর্ণিত ১৪৩/৪৪৭/ ৩২৩/ ৩২৪ ৩২৬/ ৩০৭/ ৩৫৪/৩৪ ধারা উল্লেখ করেন, যেখানে হত্যাকাণ্ডের ৩০২ ধারার কথা উল্লেখ ছিল না।আইনজীবীরা জানান, জখমের পর কেউ মারা গেলে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়। স্থানীয় পুলিশও জেকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে এই মামলাকে হত্যা মামলায় রূপান্তর করতে ৩০২ ধারা সংযোজনের আবেদন করে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে, যা আমলে নেওয়া হয়।মামলার তদন্ত কর্মকর্তা (আইও) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আসামিরা স্কুলছাত্রী জেকি আকতারের হত্যাকাণ্ডের বিষয়টি গোপন রেখে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তাঁরা সবাই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। উচ্চ আদালতের জামিনাদেশের কারণে আমরা কোনো আসামিকে গ্রেপ্তার করছি না।’আসামিদের কৌঁসুলি মো. বেলায়েত হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা এজাহারে বর্ণিত তথ্যের ভিত্তিতে হাইকোর্টে পাঁচ আসামির জামিনের আবেদন করি। আর এজাহারের বক্তব্য পাল্টানোরও ক্ষমতা কারোর নেই। তবে কিছু বাদ পড়লে তা মামলায় সংযোজন করা হয়। এ ক্ষেত্রে যে মেয়েটির মৃত্যুর কথা বলা হচ্ছে, তা জামিনের আবেদন দাখিলের আগে এজাহারে সংযোজন হয়নি। আমি পরে শুনেছি মেয়েটি মারা গেছে।’আইও শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘২২ জুন সকালে জেকি আকতারের মৃত্যু হয়। পরদিন ২৩ জুন আমি মুখ্য বিচারকি হাকিম আদালতে জেকির মৃত্যুর সনদসহ দণ্ডবিধির ৩০২ ধারা মামলার মূল ধারার সঙ্গে সংযোজন করতে আবেদন করি। আদালত আমার আবেদন গ্রহণ করেন। আসামিপক্ষ এখন অনেক কথা বলবে। গ্রাম থেকে হাইকোর্টে যেতেও দুই-চার দিন সময় লাগে। আসামিরা হাইকোর্টে যাওয়ার আগেই আমি ৩০২ ধারাটি আদালতের মাধ্যমে সংযোজন করেছি।’মামলার বাদী মো. জহির আহম্মদ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আসামিরা ভালো করেই জানতেন। কারণ আমার মেয়ের মৃত্যুর পর আসামিরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশও আদালতে এ বিষয়ে ৩০২ ধারা সংযোজনের জন্য আবেদন করে। আসলে জেনেশুনে আসামিরা হাইকোর্টে হত্যাকাণ্ডের তথ্য গোপন রেখে জামিন নিয়েছেন।