তথ্য জালিয়াতি করে হাইকোর্ট থেকে এবার নয়জনের জামিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাল্টে হাইকোর্ট থেকে তিন মাসের আগাম জামিন নিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১০ জন সন্ত্রাসী। আসামিরা ঘটনার তারিখ, মামলার ধারা ও ঘটনার বর্ণনা পাল্টে হাইকোর্ট থেকে জামিন নেন বলে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের জামিননামা গ্রহণ না করতে বাদী গতকাল বুধবার চট্টগ্রামের আদালতে আবেদন করেন। জানা গেছে, হাইকোর্টের বিচারপতি মো. আবদুল ওয়াহ্াব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আসামিরা তথ্য জালিয়াতির ঘটনা ঘটান। আসামিরা মর্জিমাফিক ও সুবিধামতো বর্ণনা দিয়ে এই বেঞ্চ থেকে আগাম জামিন নেন। গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট আসামিদের আগাম জামিন দেন।আদালত সূত্র জানায়, জনৈক আবুল কাশেম গত ১৭ জানুয়ারি ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। বাদী মেসার্স গৌড়স্থান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী। ওই প্রতিষ্ঠান স্থানীয় ডলু খালের ১৫ হেক্টর জায়গা বালু উত্তোলনের জন্য ইজারা নেয়। স্থানীয় সন্ত্রাসীরা ইজারাদার প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করছিল। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গত ৮ জানুয়ারি কাশেমের ওপর হামলা চালায়।আদালত সূত্র জানায়, এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হলে হাইকোর্ট থেকে ১০ জন তিন মাসের আগাম জামিন নেন। তাঁরা হলেন মো. সিরাজ, মো. ইসহাক, আমিন, মো. মোস্তাক, মো. হাশেম, বদরু, মাহফুজ, মোতাহের, মমতাজউদ্দিন ও আবদুর রহমান। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৯/৪৪৭/৩৮৫/৩৮৭/৩৯২/৩০৭/৩২৫/৫০৬ ও ৩৪ ধারায় মামলা হয়।চট্টগ্রামের প্রবীণ কৌঁসুলি ও সাবেক পিপি কফিলউদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা মামলার ধারা, ঘটনার বর্ণনা ও তারিখ পাল্টে তথ্য জালিয়াতির মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন নেন। সন্ত্রাসীরা হাইকোর্টে মামলার তারিখ ১৪ জানুয়ারি এবং নয়টি ধারার পরিবর্তে মাত্র চারটি ধারা উল্লেখ করেন। ধারাগুলো হচ্ছে ৩৮৫/৩৮৬/৩২৩ ও ৩৪। কফিলউদ্দিন বলেন, ‘আমরা বাদীর পক্ষে বিষয়টি জানিয়ে চট্টগ্রামের আদালতকে আসামিদের জামিননামা গ্রহণ করতে আবেদন করেছি। এ বিষয়ে বৃহস্পতিবার (আজ) শুনানির দিন ধার্য আছে। একইভাবে বাদীর পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আবেদন করা হয়। মামলার বাদী নিজেও ৩ মার্চ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও অ্যাটর্নি জেনারেলের কাছে প্রতিকার চেয়ে চিঠি দিয়েছেন।’আদালত সূত্র জানায়, কাশেমের ওপর হামলাসহ সন্ত্রাসী ঘটনা ঘটে চলতি বছরের ৭ ও ৮ জানুয়ারি। অথচ আসামিরা হাইকোর্টে ঘটনার তারিখ ২০০৯ সালের ৪ ও ৭ ডিসেম্বর উল্লেখ করেন। থানায় সংবাদদাতার (বাদী) প্রাথমিক তথ্য বিবরণীর ফরম নম্বর ০৩১৩। আসামিরা তা পাল্টে ফরম নম্বর ০৬০০৩৬ উল্লেখ করেন। মামলায় প্রকৃত সাক্ষী ১০ জন। আসামিরা উচ্চ আদালতে তা তিনজন বলে উল্লেখ করেন। কৌঁসুলি কফিল বলেন, আগাম জামিন পাওয়া ইসহাক ৭ মার্চ লোহাগাড়া পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। এ সংক্রান্ত খবর স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।