বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠকের ব্যাপারে সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য সত্য নয়। এ ব্যাপারে সরকারের তথ্যপ্রমাণ থাকলে তা জাতির সামনে উপস্থাপন করার দাবি জানান তিনি। বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলের নতুন কমিটির সদস্যরা আজ শনিবার সকালে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের এ কথা বলেন।প্রসঙ্গত, চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়ার সঙ্গে বৈঠক করেছেন বলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ গতকাল এক গোলটেবিল আলোচনায় মন্তব্য করেন। বিএনপির মহাসচিব দাবি করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো ভালো ছিল না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তাদের সঙ্গে সম্পর্ক হয়। আর এ সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত বাংলাদেশের কাছ থেকে নানা সুবিধা আদায় করে নেয়।