তথ্য না দেওয়ায় জরিমানা-ভর্ত্সনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখিত আবেদন সত্ত্বেও তথ্য না দেওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাকে এক হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। একই সঙ্গে জেলার তত্কালীন ভারপ্রাপ্ত সিভিল সার্জন খোরশেদ আলমকে ভর্ত্সনা করে সতর্ক করে দিয়েছে কমিশন।আজ বৃহস্পতিবার তথ্য কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার মো. আবু তাহের এ কথা জানান।আবু তাহের বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা শেখ আলী আহমেদ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফার বরাবর তথ্য চেয়ে একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনে তিনি জানতে চান, ২০০৯ সালের ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মামুন নামের কোনো ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন কি না। এ ছাড়া আরেকটি আবেদনে আলী আহমেদ সেই সময়ের সিভিল সার্জন খোরশেদ আলমের কাছে জানতে চান, জেলা গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) আনিস হাওলাদার কোনো ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির আবেদন করেছেন কি না কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মামুনকে কোনো চিকিত্সা সনদ দেওয়া হয়েছে কি না। কিন্তু তাঁরা আইন অনুযায়ী তথ্য জানাননি। এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে চাইলে বলেন, তাঁরা আইন সম্পর্কে অবগত ছিলেন না। এ জন্য তাঁরা কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শেখ আলী হোসেন এ ব্যাপারে কমিশনে অভিযোগ দায়ের করেন। ২৪ এপ্রিল দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তথ্য কমিশন এ রায় দেন।শেখ আলী আহমদ জানান, তাঁর ভাইয়ের হত্যার প্রধান আসামি হচ্ছে মামুন। দীর্ঘদিন পলাতক থেকে এসআই হানিফ হাওলাদারের সহযোগিতায় ভুয়া মেডিকেল সনদ নিয়েছিলেন মামুন।