তথ্য না দেওয়ায় নারায়ণগঞ্জের দুজন স্বাস্থ্য কর্মকর্তার একজনকে জরিমানা ও অন্যজনকে তিরস্কার করেছে তথ্য কমিশন। গতকাল বৃহস্পতিবার প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এ রায় ঘোষণা করেন। দেশে তথ্য অধিকার আইন পাস হওয়ার পর এ আইনে এটাই প্রথম রায় ও শাস্তি। সাজাপ্রাপ্ত দুজন কর্মকর্তা হলেন: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা ও জেলার তৎকালীন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম। রায়ে গোলাম মোস্তফাকে এক হাজার টাকা জরিমানা ও খোরশেদ আলমকে তিরস্কার করা হয়।রায় ঘোষণার পর তথ্য কমিশনার মো. আবু তাহের গতকাল সকালে আগারগাঁও কার্যালয়ে সাজার পূর্ণ বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় তথ্য কমিশনার সাদেকা হালিম, অভিযোগকারী আড়াইহাজার উপজেলার বাসিন্দা শেখ আলী আহাম্মদ এবং ওই দুই স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।মো. আবু তাহের সাংবাদিকদের বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল নারায়ণগঞ্জের তথ্য কমিশনের কাছে গোলাম মোস্তফা ও খোরশেদ আলমের বিরুদ্ধে তথ্য না দেওয়ার ব্যাপারে লিখিত অভিযোগে শেখ আলী আহাম্মদ জানান, গত ৬ ফেব্রুয়ারি গোলাম মোস্তফার কাছে দুটি তথ্য জানতে চেয়ে আবেদন করেন। একটি হলো, ২০০৯ সালের ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আড়াইহাজার উপজেলার বাসিন্দা মামুন ওই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হিসেবে ভর্তি ছিলেন কি না। দ্বিতীয়টি হলো, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) হানিফ হাওলাদার কোনো তথ্য চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন কি না, কিংবা ওই এসআইকে কোনো তথ্য দেওয়া হয়েছি কি না। তথ্য কমিশনার বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা এ আবেদন পাওয়ার পর নিজে একটি তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে তথ্য দেবেন বলে জানান। কিন্তু পরে তা করেননি। এরপর শেখ আলী আহাম্মদ আলী ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. খোরশেদ আলমের কাছে আপিল করেন। তিনি তথ্য না দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে জানতে চান, কোনো সাধারণ নাগরিক তথ্য পেতে পারেন কি না। মহাপরিচালক তাঁকে তথ্য সরবরাহের নির্দেশনা দিলেও তিনি তথ্য দেননি। আবু তাহের এসময় জানান, কমিশন গঠনের পর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত মোট ৬৮টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৩১টি নিষ্পত্তি হয়েছে, চারটি এখনো নিষ্পত্তি হয়নি।রায় ঘোষণার পর শেখ আলী আহাম্মদ প্রথম আলোকে বলেন, চাঁদা না দেওয়ায় ২০০৯ সালের ৯ এপ্রিল তাঁর ভাই ব্যবসায়ী শেখ আবু আহাম্মদকে স্থানীয় সন্ত্রাসী মামুন, নয়নসহ বেশ কয়েকজন খুন করে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামুনকে প্রধান আসামি করে ১০-১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলার তদন্তের দায়িত্ব পান জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক হানিফ হাওলাদার। তিনি চলতি বছরের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ আদালতে প্রধান আসামি মামুনকে বাদ দিয়ে এ মামলার অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, মামুন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০০৯ সালের ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। এর প্রমাণস্বরূপ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি একটি সনদ জমা দেন। পরে বাদী আদালতে নারাজি দিলে আদালত মামলাটি পুনর্তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপর তিনি মামুনের ভর্তিসংক্রান্ত তথ্য জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে আবেদন করেন।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বীকার করেছেন, মামুন ওই সময় হাসপাতালে ভর্তি ছিলেন না। কীভাবে ওই সনদ দেওয়া হয়েছে, তা আদালতই দেখবেন। কমিশন শুধু তথ্য না দেওয়ার সাজা দিয়েছে।